টাঙ্গাইলে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে জোড়া খুনের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অন্য সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার আজ সোমবার এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তিরা হলেন—ভুয়াপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের আমজাদ হোসেন, আবদুল বাছেদ ও দুদু মিয়া। সরকারি কৌঁসুলি এস আকবর খান জানান, ২০০৩ সালের ইউপি নির্বাচনে আসামিদের পছন্দের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করায় দণ্ডিত ব্যক্তিরা ওই বছরের ২৭ মার্চ ভুয়াপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের আবুল হোসেন এবং তাঁর ভাগনে কালীহাতি উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের ফজল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন মীরহামজানী গ্রামে ট্রেন লাইনের পাশ থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। ওই দিনই নিহত আবুল হোসেনের স্ত্রী কমলা বেগম বাদী হয়ে বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।