টাঙ্গাইলে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন এসআর পরিবহনের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম এবং বগুড়াগামী বাসের যাত্রী মর্জিনা বেগম ও অজ্ঞাত এক যাত্রী।টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক (টিআই) বজলুল হক মিল্কী জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসআর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বগুড়াগামী সাকিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম এবং যাত্রী মর্জিনা বেগম ও অজ্ঞাত এক যাত্রী নিহত হন।বাসের নিহত তত্ত্বাবধায়ক শফিকুল ইসলামের বাড়ি গাইবান্ধার মুন্সিপাড়ায়। মর্জিনা বেগম বগুড়ার শাজাহানপুরের শামছুল হকের স্ত্রী। আহতদের মধ্যে ২৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা হয়েছে।