টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় শিক্ষক খুন
টাঙ্গাইল পৌর এলাকার কচুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় ইউসুফ আলী নামের এক স্কুলশিক্ষক খুন হয়েছেন। হামলায় তাঁর এইচএসসি পরীক্ষার্থী মেয়ে ও এক ছেলে আহত হয়। তিনি টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী শরীফুননেছা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে ওই শিক্ষকের বাড়িতে হামলা চালায়। তারা জোরপূর্বক ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ইউসুফ আলীকে (৫৫) এলোপাতাড়ি কোপাতে থাকে। পাশের কক্ষ থেকে ছেলে শরীফ ও মেয়ে ইয়াসমিন এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কোপানো হয়। দুর্বৃত্তরা আলমারির তালা ভেঙে ১৭ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেয়। পুলিশের সহায়তায় আহত ব্যক্তিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর ইউসুফ আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ইউসুফ আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪৫) বলেন, রাত দুইটার দিকে মেয়ে ইয়াসমিন পড়ালেখা শেষ করে শৌচাগারে যাওয়ার জন্য ঘরের দরজা খোলে। তার সঙ্গে তিনিও ছিলেন। এ সময় ১০-১২ জন লোক জোরপূর্বক ঘরে ঢুকে পড়ে। ডাকাত বলে চিৎকার দিলে ঘর থেকে ইয়াসমিনের বাবা শাবল নিয়ে এগিয়ে আসেন। তখন মুখোশধারীরা তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে।নিহত ইউসুফের আরেক ছেলে স্বপন (৮) বলে, ‘চিৎকার শুনে জেগে দেখি বাবাকে ওরা কোপাচ্ছে। এগিয়ে গেলে আমাকেও কোপানোর চেষ্টা করে।’প্রতিবেশী মাওলানা মহিউদ্দিন জানান, গভীর রাতে চিৎকার শুনে ইউসুফ আলীর বাড়িতে গিয়ে দেখি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে তিনি ঘরে পড়ে আছেন। তাঁর ছেলেমেয়ে রক্তাক্ত অবস্থায় উঠানে রয়েছে।টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, এ ঘটনায় সুফিয়া বেগম মামলা করেছেন। এটি শুধু ডাকাতি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।