টাঙ্গাইলে পাঁচ চরমপন্থী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ এ অভিযান চালায়। পুলিশের দাবি গ্রেপ্তারকৃতরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য। গ্রেপ্তারকৃতদের মধ্যে মজনু মিয়া (২৮), বাঘিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালামত হোসেন মজনু হত্যা মামলার আসামি। আর বাকি চারজন হলেন কাকুয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কাসেম আলী (২৮), দেলোয়ার হোসেন (৪০), নূরুল ইসলাম (২৮) এবং ওমরপুর গ্রামের আলাইগোজা (৩২)। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন সরকার জানান, চরাঞ্চলে চরমপন্থী দলের নীরব চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় এ অভিযান চালানো হয়।