টাঙ্গাইলে পুলিশের হেফাজতে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর মডেল থানার পুলিশের হেফাজতে গতকাল বৃহস্পতিবার মনিরুজ্জামান রুবেল (২৮) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে রুবেলের মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি, রুবেল মোটরসাইকেল চোর। তাঁকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন জেলা পুলিশ সুপার। নির্যাতনের অভিযোগ ওঠায় টাঙ্গাইল সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। রুবেলের বাড়ি শহরের বেপারীপাড়ায়। তাঁর বাবা এসআই দেলোয়ার হোসেন ঢাকার রাজারবাগে পুলিশ টেলিকম কার্যালয়ে কাজ করেন। পরিবারের সদস্যরা জানান, রুবেল টাঙ্গাইল শহরের প্রধান সড়কে আদন মেডিকেল হল নামে একটি ওষুধের দোকান চালান। এই দোকানের পাশে একটি বাসায় ভাড়া থাকেন সদর মডেল থানার এসআই মোশারফ। কয়েক দিন আগে বাসার সামনে থেকে মোশারফের মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার দুপুর ১২টার দিকে রুবেল ও তাঁর বন্ধু শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যান মোশারফসহ কয়েকজন পুলিশ সদস্য। শরিফুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘আটকের পর আমাদের দুজনকে সদর থানার দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে ঝুলিয়ে বেধড়ক পেটানো হয়। এর কিছুক্ষণ পর আমাকে থানাহাজতে নেওয়া হয়। বিকেলের দিকে রুবেলকেও থানাহাজতে নেওয়া হয়। তখন রুবেল হাজতে বসতে পারছিল না। যন্ত্রণায় সে শুয়ে পড়ে। রাতে আমাকে ছেড়ে দেয় পুলিশ।’ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘বৃহস্পতিবার (গতকাল) সকাল নয়টা ৪০ মিনিটে সদর থানার এসআই মোশারফ অচেতন অবস্থায় রুবেলকে জরুরি বিভাগে নিয়ে আসেন। রুবেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে রুবেলের মৃত্যু হয়।’ গতকাল দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে দেখা যায়, রুবেলের লাশ ঘিরে আত্মীয়স্বজন কান্নাকাটি করছেন। রুবেলের কাঁধ, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। রুবেলের মামা আবদুল হক জানান, রুবেলের মৃত্যু হলেও পুলিশ তা তাঁদের জানায়নি। মৃত্যুর ঘণ্টাখানেক পর পরিচিত এক ব্যক্তি মৃত্যুর সংবাদ জানান।আঘাতের চিহ্নগুলো দেখিয়ে রুবেলের বড় ভাই ইকবাল হোসেন বলেন, রুবেলের সারা শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। নির্মম নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে। দুপুরে রুবেলের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম। জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় রুবেলের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে এলাকাবাসী রুবেলের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। যোগাযোগ করা হলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার প্রথম আলোকে জানান, শহরের ধুলের চর এলাকার আবদুর রাজ্জাকের করা মোটরসাইকেল চুরির মামলায় গত নভেম্বর মাসে রুবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রুবেল ওই মামলায় জামিনে ছিলেন। গত ৩ মার্চ থানায় করা কালিহাতীর এক ব্যক্তির মোটরসাইকেল চুরির মামলায় রুবেল ও তাঁর বন্ধুকে গত বুধবার সন্দেহজনকভাবে আটক করা হয়।ওসি জসিম দাবি করে বলেন, ‘থানা হাজতে জিজ্ঞাসাবাদের সময় রুবেল মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত কয়েকজনের নাম বলেন। পরে পুলিশ তাঁকে নিয়ে জেলার সখীপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান শেষে গতকাল সকালে তাঁকে থানায় আনা হয়। শুনেছি, ওই সময় রুবেল অসুস্থ হয়ে পড়ে। তাঁকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরে তাঁর মৃত্যু হয়।’রুবেলকে নির্যাতন করে হত্যার অভিযোগ এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন প্রসঙ্গে ওসি বলেন, ‘রুবেলকে নিয়ে অভিযানে বের হওয়ার পর কী কী হয়েছে, তা আমি বিস্তারিত জানি না। তাঁর মৃত্যু নির্যাতনে হয়েছে কি না, তা তদন্ত কমিটি বের করতে পারবে।’ রুবেলের মৃত্যুর ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তবে জিডিতে কী লেখা আছে, তা জানা যায়নি। টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জামিল হাসান প্রথম আলোকে জানান, নির্যাতন করার অভিযোগ ওঠায় ইতিমধ্যেই এসআই মোশারফকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এম এ মাসুদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তাঁদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।