টাঙ্গাইলে ফুটবল-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাচাতো ভাই মিশুর সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছি। কিছুক্ষণ পর চোখে পড়ল বিশাল একটা মাঠে হাজারো লোকের ভিড়। সবাই তন্ময় হয়ে খেলা দেখছে। মাঠের এক পাশে একটা ভাঙাচোরা গ্যালারি। গ্যালারির ওপর বড় বড় করে লেখা: ‘টাঙ্গাইল স্টেডিয়াম’। হঠাৎ মাঠের সব দর্শক চিৎকার করে উঠল, ‘আউট! আউট!’ মিশুকে জিজ্ঞেস করলাম, ‘কী ব্যাপার? মাঠে ক্রিকেট খেলা হচ্ছে নাকি?’‘হতে পারে, এ মাঠে সব রকম খেলাই হয়। ফুটবল, হকি, ক্রিকেট, ভলিবল, কাবাডি—কোনো খেলাই বাদ নেই।’ মিশুকে প্রস্তাব দিই, ‘চলো তো। মাঠে ঢুকে দেখি কী হচ্ছে।’ক্রিকেট নয়, ফুটবল খেলাই হচ্ছে। বোধ হয় বল মাঠের বাইরে চলে গিয়েছিল, কিন্তু রেফারি কোনো সংকেত দিচ্ছিল না। তাই দর্শকেরা ‘আউট’, ‘আউট’ বলে চিৎকার করছিল। মনোযোগ দিয়ে খেলা দেখতে লাগলাম। দুদলের মধ্যে খেলা। এক দলের জার্সি অনেকটা ব্রাজিলের জার্সির মতো, অপর দলের জার্সি অনেকটা নাইজেরিয়ার জার্সির মতো। সবার জার্সির পেছনে যার যার নাম লেখা। হঠাৎ করে খেয়াল করলাম খেলোয়াড়দের অনেকেই কালো শরীরের, আফ্রিকান। মিশুকে জিজ্ঞেস করলাম, ‘তোদের এলাকায় আফ্রিকান থাকে নাকি?’ ‘না তো। বোধ হয় খেলার জন্য ভাড়া করে এনেছে।’ ‘বাহ! স্থানীয় খেলায় বিদেশিদের আগমন! স্থানীয় ফুটবলের অনেক উন্নতি হয়েছে দেখছি। প্রত্যেকের আলাদা জার্সি, খেলার মানও ভালো। বাংলাদেশের ফুটবল তাহলে এগিয়ে যাচ্ছে।’ ‘কিন্তু একটা জিনিস কি তুই লক্ষ করেছিস?’ মিশুকে কিছুটা চিন্তিত দেখলাম।‘কী জিনিস?’‘ডান পাশের গোলকিপারটার দিকে তাকা।’ চমকে উঠলাম! গোলকিপারটা হুবহু আমাদের জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুলের মতো, এমনকি জার্সির পেছনেও লেখা: আমিনুল (আসলেই আমিনুল)! শুধু তা-ই নয়, যাঁদের জার্সির পেছনে যে যে নাম লেখা তাঁরা দেখতে ঠিক তাঁদেরই মতো! এ মাঠে তাহলে কী হচ্ছে...?আমার পাশে দাঁড়িয়ে ছিলেন এক দাড়িওয়ালা ভদ্রলোক। তিনি আমাদের এসব কথা শুনছিলেন আর হাসছিলেন। হাসতে হাসতেই বললেন, ‘শোনো ছেলেরা। এটা স্থানীয় খেলা নয়। বাংলাদেশের প্রিমিয়ার লীগ ফুটবলের শেখ জামাল বনাম বিজেএমসির খেলা এটি।’কোনো পুলিশ নেই, নিরাপত্তাকর্মী নেই, দর্শকেরা ইচ্ছা করলেই মাঠে ঢুকে খেলা পণ্ড করে দিতে পারে। এমন পরিবেশেই হচ্ছে বাংলাদেশের শীর্ষ লীগের এক গুরুত্বপূর্ণ ম্যাচ! মিশুকে জিজ্ঞেস করি, ‘তোদের এলাকায় এত বড় একটা ফুটবল ম্যাচ হচ্ছে, অথচ তুই কিছুই জানতি না?’ মিশু কিছুক্ষণ চুপ করে রইল। সে আমার চেয়েও বেশি অবাক। কিছুক্ষণ পর হতাশ কণ্ঠে বলল, ‘বাংলাদেশের ফুটবল এগিয়ে যাচ্ছে ঠিকই। তবে সামনের দিকে নয়—পেছনের দিকে! এই যুগে এসে দেশের শীর্ষ ফুটবলে এমন অব্যবস্থাপনা বিশ্বাস করা কঠিন।’