টাঙ্গাইলে বখাটেদের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার যমুনা সেতু রেল সংযোগ সড়কে গতকাল শুক্রবার মধ্যরাতে একদল বখাটের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে দুজন নিহত ও দুজন আহত হয়েছে। নিহতদের পরিচয় তাত্ক্ষণিক জানা যায়নি। তবে আহত দুজন হলেন—জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মমিন মিয়া (২২) ও আইয়ুব আলী (২৩)।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে করে যাত্রীরা যাচ্ছিল। ট্রেনটি কালিয়াকৈর আসার পর ছাদে থাকা কয়েকজন রিকশাচালকের কাছে একদল বখাটে যুবক প্রথমে সিগারেট দাবি করে। এতে অস্বীকৃতি জানালে বখাটেরা তাঁদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাঁদের পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ধস্তাধস্তির একপর্যায়ে বখাটেরা তাঁদেরকে প্রথমে মির্জাপুরের রশিদ দেওহাটা এলাকায় ধাক্কা দেয়। এতে ট্রেনের ছাদ থেকে তিনজন পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান। এরপর ট্রেনটি তিন কিলোমিটার পশ্চিমে গোড়াইল গ্রামে পৌঁছালে আরও একজনকে ফেলে দিলে তিনিও ঘটনাস্থলে মারা যান। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।