টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় আটজন নিহত এবং অপর সাতজন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে পৃথক বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আজ বেলা দেড়টার দিকে দেলদুয়ার উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় কাতুলী গ্রামের ধান কাটা শ্রমিকেরা একটি স্যালো মেশিন (সেচ পাম্পের) ঘরে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর ওই স্যালো মেশিন ঘরে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে একই পরিবারের চারজনসহ ছয়জন মারা যায়। এঁরা হলেন—কাতুলী গ্রামের তোয়াজ আলী (৪৫) এবং তাঁর তিন ছেলে আফাজ উদ্দিন (২৭), কালু মিয়া (১৮) ও হোসেন আলী (১৫)। বাকি দুজন হলেন—কাতুলী গ্রামের আবু হানিফ (১৫) ও ধান কাটার শ্রমিক রাজশাহীর নজরুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২৩)। বজ্রপাতে আরও সাতজন আহত হয়।একই উপজেলার তারুটিয়া পাহাড়পুর গ্রামে বজ্রপাতে আবুল হোসেনের ছেলে বাবু মিয়া (৩২) নামের একজনের মৃত্যু হয়। তিনিও মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। একই উপজেলার দেলুয়াকান্দি গ্রামে বাবুল হোসেন (৩৫) নামের আরেক শ্রমিকের মৃত্যু ঘটে। তাঁর বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শাহজানী গ্রামে।