টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে গতকাল বুধবার বাস-ট্রাক সংঘর্ষে ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর ছয়টার দিকে ঢাকা থেকে পাবনাগামী একটি ট্রাক সল্লায় বিকল হয়ে পড়ে। ট্রাকে বসুন্ধরা গ্রুপের পাইলিংয়ের মালামাল ছিল। ট্রাকটি মেরামতের সময় অপর একটি ট্রাক এটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় মেরামতে ব্যস্ত ট্রাকের সহযোগী নিচে আটকে পড়েন। তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। এ সময় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ওই ট্রাককে ধাক্কা দিলে ট্রাক ও বাস রাস্তার পাশে পড়ে যায়। এতে উদ্ধারে ব্যস্ত পাঁচজন এলাকাবাসী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আটজন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন—শহর আলীর ছেলে বাবু (২৪), মৃত শুকুর আলীর ছেলে চান মিয়া (৪০), বানিজ প্রামাণিকের ছেলে তুলা মিয়া (৪০), মৃত আবদুল খালেকের ছেলে মো. মোস্তফা (৪৫), আবদুল হালিমের ছেলে মো. আফসার (৩৮) এবং শ্যামলী পরিবহনের সুপারভাইজার আবু বকর (৪৫)। তাঁদের মধ্যে প্রথম পাঁচজনের বাড়ি সল্লা চরপাড়া গ্রামে।আহত ব্যক্তিরা হলেন—বাবুল (২৫), ইলিয়াস (৩৪), আফছার মিয়া (৩৫), আসলাম (১৮), খোরশেদ আলম (৩০), কিবরিয়া (৩৫) ও আজম (৩৪)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।