টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিএনপির এক নেতাকে শ্বাসরোধে এবং ভূঞাপুর উপজেলায় এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে, তাঁদের গত শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।এদিকে নরসিংদীর পৃথক এলাকা থেকে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া দুই ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।প্রথম আলোর আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঘাটাইল: পুলিশ ও পরিবারসূত্রের ভাষ্যমতে, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুনাব আলী সরকারকে (৪৩) তাঁর কুড়িপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার রাত ১০টার দিকে তাঁর সৎচাচা মফিজ সরকার ডেকে নিয়ে যান। এরপর জুনাব আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে নিজ বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি ধানখেতে জুনাবের লাশ পাওয়া যায়।জুনাবের স্ত্রী ফিরোজা বেগম প্রথম আলোকে বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পক্ষে কাজ না করায় জুনাবের আরেক সৎচাচা একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতি সরকার তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।ফিরোজা বেগম আরও বলেন, গত সংসদ নির্বাচনের পরও মতি সরকারের নেতৃত্বে কয়েক শ লোক জুনাবকে মারার জন্য বাড়ি ঘেরাও করে। সে সময় পুলিশ জুনাবকে উদ্ধার করে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুর রহমান বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে, জুনাবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মতি সরকার, মফিজ সরকারসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।ভূঞাপুর: এদিকে ভূঞাপুরে ছুরিকাঘাতে নিহত কলেজছাত্রের নাম মুজাহিদুল ইসলাম (১৮)। তাঁর বাড়ি ভূঞাপুর পৌর শহরের বামনহাটা এলাকায়। তিনি ভূঞাপুর ইব্রাহিম খাঁ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।এলাকাবাসীর বরাত দিয়ে ভূঞাপুর থানার ওসি হারেছ মিঞা বলেন, আতোয়ার রহমান নামে স্থানীয় এক যুবকের সঙ্গে একটি বিষয় নিয়ে মুজাহিদুলের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য গত শুক্রবার রাতে আতোয়ার মুঠোফোনে মুজাহিদুলকে উপজেলার গোবিন্দাসী সোনালী ব্যাংকের কাছে আসতে বলেন। মুজাহিদুল তাঁর বন্ধু মাসুদকে নিয়ে সেখানে যান। আতোয়ারের সঙ্গে মুজাহিদুলের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আতোয়ার ও তাঁর কয়েকজন সহযোগী মুজাহিদুল ও মাসুদকে মারধর করেন। পরে ছুরিকাঘাত করা হলে মুজাহিদুল ঘটনাস্থলেই নিহত হন। মাসুদ আহত হন। স্থানীয় লোকজন মাসুদকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল ভোরে গোবিন্দাসী এলাকা থেকে বাছেদ নামে আতোয়ারের এক সহযোগীকে আটক করেছে।নরসিংদী: নরসিংদী শহরের টাওয়াদি এলাকার মো. রাজিব মিয়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএর শেষ বর্ষের ছাত্র ছিলেন। ঈদ উপলক্ষে তিনি বাড়ি এসে গত বৃহস্পতিবার বিকেলে ঘুরতে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে প্রাচীরঘেরা একটি পরিত্যক্ত জায়গায় রাজিবের লাশ পাওয়া যায়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, নিহত রাজিবের শরীরের বিভিন্ন স্থানে নীল ও কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।অন্যদিকে ঈদের পরদিন নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র আবির হোসেন (২২) তাঁর বন্ধুদের নিয়ে নৌভ্রমণে বের হন। তাঁদের নৌকাটি ভৈরব থেকে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে মেঘনা নদীতে একই উপজেলার মহেষপুর ইউনিয়নের আলগীতে ডাকাতের কবলে পড়ে। ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য আরোহীরা নদীতে লাফিয়ে পড়েন। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও আবির ও তাঁর বন্ধু বাবু নিখোঁজ হন। গতকাল সকালে মেঘনা নদীর আলগী এলাকা থেকে আবিরের লাশ উদ্ধার করে পুলিশ। আবিরের বাড়ি রায়পুরার শ্রীরামপুর গ্রামে।আবিরের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আশুলিয়ায় পোশাকশ্রমিককে হত্যা!সাভারের নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকার আশুলিয়া থানার দুর্গাপুর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে মোস্তাক আহাম্মেদ (৩২) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মোস্তাককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহত মোস্তাকের বাড়ি খুলনার খালিশপুর থানার আলমনগর পালপাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোস্তাক তাঁর দুই ভাইকে নিয়ে দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ঈদের ছুটিতে তাঁর দুই ভাই বাড়ি যান, কিন্তু মোস্তাক ওই বাসায় থাকেন। প্রতিবেশীরা গতকাল সকালে মোস্তাকের লাশ তাঁর নিজ কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, মোস্তাককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।’