টাঙ্গাইলে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, সাবেক এমপিসহ আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে হরতালের সমর্থনে মিছিল করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী আহত হন। এ ছাড়া পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে এক উপপরিদর্শকসহ (এসআই) উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের বংশাই রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে স্থানীয় সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর বাইপাসের বংশাই রোড এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এ সময় নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়েন। এতে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং মির্জাপুর থানার এসআই নাসির উদ্দিনসহ ১২ জন আহত হন।