টাঙ্গাইলে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের লোকজন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের সৃষ্টি করেছে।আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কুরনী নামক স্থানে এ অবরোধ দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মির্জাপুরে গত এক সপ্তাহ ভয়াবহ লোডশেডিং চলছে। এতে অতিষ্ঠ এলাকাবাসী আজ সকালে কুরনী পল্লী বিদ্যুত্ অফিসের সামনে জড়ো হয়। তখন পল্লী বিদ্যুত্ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে ঢোকার সব দরজা বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো রাস্তার উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় দুই শতাধিক গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত রেহানা এবং মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টির সমাধান করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানিয়েছেন, তাঁরা বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নিতে এবং যানজট নিরসনের চেষ্টা করছেন।