টাঙ্গাইলে মা-মেয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্ণী দক্ষিণপাড়া গ্রামে মা ও মেয়ে রহস্যজনকভাবে খুন হয়েছেন। ঘাতকেরা মা ও মেয়েকে হত্যা করে ধানখেতে লাশ ফেলে রাখে। পুলিশ আজ শুক্রবার ভোরে মৃতদেহ দুটো উদ্ধার করেছে।নিহতেরা হলেন—উপজেলার বর্ণী দক্ষিণপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী হাজেরা বেগম (৫৫) ও তাঁর মেয়ে নাসরিন আক্তার (২০)।দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, এলাকাবাসীর খবরের পরিপ্রেক্ষিতে আজ ভোরে বাড়ির পাশের ধানখেত থেকে হাজেরা বেগম ও তাঁর মেয়ে নাসরিন আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, স্বামী সিরাজুল ইসলামের সঙ্গে বনিবনা না হওয়ায় তিন মাস আগে নাসরিন আক্তার বাড়িতে চলে আসেন। গতকাল রাতে কোনো একসময় মা-মেয়ে খুন হয়ে থাকতে পারেন।নিহত হাজেরা বেগমের ছোট ছেলে গোলাম মোস্তফা বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমার মা হাজেরা বেগম ও বোন নাসরিন আক্তার ঘুমিয়ে পড়ে। আজ ভোরে ফজর নামাজ পড়ে বাড়িতে এসে মাকে ডাকতে যাই। এ সময় দরজার বাইরে থেকে শিকল লাগান ছিল। ঘরের ভিতরে গিয়ে দেখি মা ও আপা কেউ নেই। তাদের খুঁজতে বেরিয়ে দেখি পাশের ধানখেতে জটলা। সেখানে মা ও আপার মৃতদেহ পড়ে আছে।’ মোস্তফার ধারণা তাঁর বোনের স্বামী সিরাজুল ইসলাম এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিহত মা ও মেয়ের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অনেকে এ হত্যাকাণ্ডকে রহস্যজনক বলে মনে করছে।