টাঙ্গাইলে শিবিরের সাত কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ছাত্রশিবির মিছিল বের করলে পুলিশ সাত কর্মীকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে পুলিশ তাঁদের আটক করে। আজ মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, জামায়াতের আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গতকাল সন্ধ্যার দিকে শিবিরের কর্মীরা কালিহাতীর এলেঙ্গার একটি হোটেলে জমায়েত হন। রাত সাড়ে নয়টার দিকে তাঁরা নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন। পুলিশ এলেঙ্গা বাজারের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে শিবিরের সাত কর্মীকে আটক করে।ওসি আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি এলেঙ্গাতে গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ ওই মামলায় এই সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে পাঠায়। তাঁদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক আসাদুজ্জামান।