টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শহর বাইপাসের কান্দিলা নামক স্থানে ঢাকাগামী সবজিবোঝাই একটি ট্রাক উল্টে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। হতাহতেরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন। গতকাল সোমবার রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ণপুর গ্রামের মহিন (২২), শাহানুর মণ্ডল (৪৫), হরমুজ (৩৫), একই উপজেলার নারায়ণপুর গ্রামের নুর মোহাম্মদ (৩৫), ধীরেন (৪০), সোবহান (৪০), বলিদহ গ্রামের মো. ফরহাদ (১৯) ও বড়ছত্রাকগাছা গ্রামের আজিজার ফকির (৫০)।টাঙ্গাইল সদর থানা সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ঢাকাগামী সবজিবোঝাই ট্রাকটি রাত একটার দিকে শহর বাইপাস সড়কের কান্দিলা নামক স্থানে পৌঁছলে অন্য একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে সবজির বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তারা মিয়াকে (১১) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, বেপরোয়া গতিতে অন্য একটি ট্রাককে অতিক্রম করতে গিয়েই এ ঘটনা ঘটেছে। নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।