টাঙ্গাইলে সন্ত্রাসীর গুলিতে র‌্যাব কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে সন্ত্রাসীর হাতে র‌্যাবের এক কোম্পানি কমান্ডারসহ দুইজন আহত হয়েছেন। আহত র‌্যাব কর্মকর্তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মাহফুজ একজন সঙ্গী নিয়ে অস্ত্রের ক্রেতা সেজে বিকেলে সেনের মাকুল্লা গ্রামে যান। ওই গ্রামের হাফেজ আবদুল বারীর ছেলে অস্ত্র ব্যবসায়ী মামুন (২২) তাঁর কাছে বিদেশি অস্ত্র আছে বলে র‌্যাব কমান্ডারকে জানান। পরে অস্ত্র দেখতে চাইলে তিনি র‌্যাব কর্মকর্তার কাছে অস্ত্রের দাম দাবি করেন। এরপর র‌্যাব কর্মকর্তা টাকার পরিবর্তে হাতকড়া বের করলে মামুন তাঁকে গুলি করেন। এ সময় মামুনের সহযোগী সবুজ র‌্যাব কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। মামুনের সহযোগীরা কোম্পানি কমান্ডারের সঙ্গে যাওয়া র‌্যাব সদস্য এবি সিদ্দিককে গোবরের মধ্যে ঠেসে ধরে। র‌্যাব কর্মকর্তা এ সময় সঙ্গে থাকা অস্ত্র দিয়ে গুলি করলে মামুন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যান।পরে র‌্যাবের অন্য কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। তাঁকে ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। র‌্যাব সদস্যরা মামুনের সহযোগী সবুজের পিতা নুরু মণ্ডলকে গ্রেপ্তার করেছেন।