বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ২৬ জনের মৃত্যু
টাঙ্গাইলে সেতুর রেলিং ভেঙে বেপরোয়া বাস খালে, নিহত ১২
টাঙ্গাইলের ধনবাড়ী, রাঙামাটির কাপ্তাই, মানিকগঞ্জের শিবালয়, বাগেরহাটের মোরেলগঞ্জ, রংপুরের মিঠাপুকুর, ময়মনসিংহের ফুলপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৩৪ জন। গত বৃহস্পতিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে সাতজন নারী, তিনজন শিশু ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্যও রয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে ধনবাড়ীতে বেপরোয়া গতির বাস সেতুর রেলিং ভেঙে খালে পড়ে ১২ ও কাপ্তাইয়ে সাতজন নিহত হয়েছে।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানাচ্ছেন ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।টাঙ্গাইল: ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জগামী একটি বাস রোববার দিবাগত রাত একটার দিকে ধনবাড়ীর ধোপাকান্দি ইউনিয়নের চারাভাঙা সেতুর ওপর উঠে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। রেলিং ভেঙে বাসটি প্রায় ৩০ ফুট নিচে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩৫ জন। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আরও পাঁচজনের।ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: নাসির উদ্দিন (৩৫), রফিকুল ইসলাম (৩২), আবদুল হক (৩২), কাজী মমিনুল ইসলাম (৪৫) ও রবিউল ইসলাম (৩৬)। তাঁদের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাসটি চারাভাঙা সেতুর কাছে এসে গতিরোধকে প্রবল ঝাঁকুনি খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই শ্রমজীবী।দুর্ঘটনায় আহত মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রেখা বেগম বলেন, রাত আটটার দিকে বাসটি ঢাকা থেকে ছাড়ার পরই বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন এর চালক। যাত্রীরা একাধিকবার তাঁকে ধীরে চালানোর জন্য অনুরোধ করলেও তিনি তা শোনেননি।এর আগে শুক্রবার সন্ধ্যায় ধনবাড়ীর নল্লাবাজারের পাশে পাথালিয়ায় ঢাকা-জামালপুর মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ৩৫ জন আহত হয়। এদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বিকেলে ধনবাড়ীর চারাভাঙায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্ত্রীর নির্দেশে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যোগাযোগমন্ত্রী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাসহ টাঙ্গাইল-জামালপুর সড়কের ঝুঁকিপূর্ণ সেতু ও ভাঙা রাস্তা দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে ওই সড়কের অপ্রয়োজনীয় গতিরোধক অপসারণ করতে বলেছেন।পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী ও টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের সাংসদ মো. আবদুর রাজ্জাক, জেলার পুলিশ ও সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ের রেশম বাগান এলাকায় শুক্রবার পাকা সেতুর রেলিং ভেঙে একটি বাস প্রায় ১০০ ফুট নিচে পাহাড়ি ছড়ায় পড়ে। এতে সাতজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন কাপ্তাইয়ে অবস্থিত ৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের নায়েক আবদুস সালাম (৪৫), অনিমা চাকমা (৬০), আবদুল আজিজ (৬০), শাহজাহান বেগম (৬২), মো. শাহাব উদ্দিন (৪৭), ফাতেমা বেগম (২৫) ও তাঁর চার মাসের ছেলে মো. ফাহিম।আহত ব্যক্তিদের ভাষ্যমতে, বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল। চালক ঝিমিয়ে ঝিমিয়ে বাস চালানোয় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।মানিকগঞ্জ ও লোহাগড়া (নড়াইল): মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে বৃহস্পতিবার রাতে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে একটি বাস খাদে পড়ে মা-মেয়েসহ চার নারীশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। হতাহত ব্যক্তিরা গাজীপুরের বেক্সিমকো শিল্পপার্ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিক।নিহত ব্যক্তিরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের মসিয়ার সরদারের স্ত্রী আনজিরা বেগম (৪০) ও তাঁর মেয়ে সান্ত্বনা বেগম (২২), আকবর সরদারের মেয়ে সুলতানা খানম (২০) ও রেজাউল মোল্লার স্ত্রী শিল্পী বেগম (৩৫)। দুর্ঘটনায় আহত মরিচপাশা গ্রামের মো. এরশাদ (২৫) বলেন, গ্রামের বাড়ি আসতে তাঁরা নড়াইলের ৫০ জন জনপ্রতি ৫০০ টাকা করে দিয়ে একটি বাস ভাড়া করেন। বাসটি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সাভারের নবীনগর থেকে লোহাগড়ার উদ্দেশে রওনা হয়। চলন্ত অবস্থায় পথে বাসের চালক ও সহকারীর সঙ্গে অন্য একটি বাসচালকের সহকারীর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বাসটি রাস্তার বিভাজকের ওপর ওঠে বাঁ দিকে কাত হয়ে তিন-চারবার উল্টে পাশের খালের পানিতে পড়ে।এদিকে মরিচপাশা গ্রামে একই পরিবারের মা-মেয়েসহ চার নারীর মৃত্যুতে গ্রামটিতে নেমে এসেছে শোকের ছায়া।পিরোজপুর: রোববার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকায় খুলনাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। তাঁরা হলেন পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের সবুজ (২২) ও আলামিন (২৩) এবং মোরেলগঞ্জের শৌলখালী গ্রামের হাফিজুল ব্যাপারী (২৪)।একই দিন সকালে স্বরূপকাঠী উপজেলার অলংকারকাঠিতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বরূপকাঠীর সাইফুল ইসলাম (২৩) নিহত হয়েছেন।রংপুর: জেলার মিঠাপুকুর উপজেলা সদরে রংপুর-ঢাকা মহাসড়কে রোববার দুপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। তাঁরা হলেন মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামের আনোয়ার হোসেন (২৭) ও তাঁর ছোট ভাই আনছারুল হোসেন (২৪)। তাঁরা মোটরসাইকেলে করে পীরগঞ্জে বেড়াতে যাচ্ছিলেন।ফুলপুর (ময়মনসিংহ): রোববার বিকেলে ফুলপুর উপজেলার তারাকান্দা বাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় পিকআপের নিচে চাপা পড়ে রিপা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রিপা ফুলপুরের বারই পুকুরিয়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।উখিয়া (কক্সবাজার): উখিয়া উপজেলার টিঅ্যান্ডটি ধইল্যাঘোনা স্থানে গতকাল বিকেলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আকলিমা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আকলিমা রামু উপজেলার খুনিয়াপালংয়ের নূর আহমদের মেয়ে। বিশ্বনাথ (সিলেট): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে শনিবার সকালে বাসের চাপায় সাইফুল ইসলাম (২৪) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এর প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। সাইফুল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লামাপাড়া গ্রামের কাশিম আলীর ছেলে ও বিশ্বনাথ উপজেলার নতুন বাজারের অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য।পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পিকআপের ধাক্কায় সুরুজ মিয়া (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাঁরা উপজেলার হোসেন্দী বাজার থেকে নছিমনে গরু নিয়ে সুখিয়া বাজারের হাটে যাচ্ছিলেন। নিহত সুরুজ উপজেলার নারান্দী ইউনিয়নের ছোট আজলদী গ্রামের আহামঞ্চদ মিয়ার ছেলে।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি এলাকায় গত শুক্রবার সকালে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শরিফুল ইসলাম (১৮) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই সোহাগ মিয়া (২১)। তাঁরা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের এমদাদুল হকের ছেলে।১১ দিন পর ইউপি চেয়ারম্যানের মৃত্যুপার্বতীপুর (দিনাজপুর) জানান, ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে পার্বতীপুর উপজেলার জয়পুর স্থানে একটি মোটরসাইকেলের সঙ্গে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মণ্ডলের (৬৫) মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শামসুদ্দিন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গতকাল সোমবার সকাল ছয়টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবার সদস্য ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।