টাঙ্গাইলে স্কুলশিক্ষিকা অপহূত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে থেকে আজ রোববার সকালে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা অপহূত হয়েছেন। তাঁর নাম সাথী ঘোষ (২২)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল নয়টার দিকে ওই শিক্ষিকা স্কুলে যাওয়ার পথে গাড়ির জন্য উপজেলা পরিষদ গেটে অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস থেকে চার-পাঁচজন যুবক নেমে জোর করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়।এ ব্যাপারে সাথীর চাঁচাতো ভাই লক্ষ্মণ চন্দ্র ঘোষ বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেছেন। মামলার বাদী লক্ষ্মণ চন্দ্র ঘোষ জানান, সাথী ঘোষ ঘাটাইল উপজেলার কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের বসু ঘোষ (২৫) তাঁর তিন-চারজন সহযোগী নিয়ে সাথীকে অপহরণ করেন। বসু ঘোষ দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে সাথীকে উত্ত্যক্ত করতেন।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুর রহমান বলেন, অপহূত স্কুলশিক্ষিকাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।