টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
বঙ্গবন্ধু সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় সস্ত্রীক নিহত হয়েছেন সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের ট্রাফিক অ্যান্ড সিকিউরিটিজ ইনচার্জ মেজর (অব.) তারেক বিন রশিদ। গতকাল শুক্রবার গভীর রাতে সেতুর পূর্বপ্রান্তের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান মেটালজিক্যাল কন্সট্রাকশন কোম্পানি অব চায়নার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ইনচার্জ মেজর (অব.) তারেক বিন রশিদ বিকেলে স্ত্রীকে নিয়ে সিরাজগঞ্জ গিয়েছিলেন। বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টোল প্লাজার কাছে রাত একটার দিকে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় তাঁর গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেজর তারেকের স্ত্রী ফারহানা মুনমুন মারা যান। গুরুতর আহত মেজর তারেক বিন রশিদকে (৫৫) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মেজর তারেকের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বলভপুর গ্রামে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা হয়েছে।