টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সল্লা এলাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে এক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছে সাতজন। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন—শহর আলীর ছেলে বাবু (২৪), চান মিয়া (৪০), তুলা মিয়া (৪০), মোস্তফা (৪৫) ও আফসার (৩৮) । তাঁদের বাড়ি সল্লাতেই। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, ঢাকা থেকে পাবনাগামী পাইলিংয়ের সামগ্রীভর্তি একটি ট্রাক সকালে ওই স্থানে বিকল হয়ে পড়ে। ট্রাকটি মেরামতের সময় অন্য একটি ট্রাক এটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বিকল ট্রাকটি মেরামতে থাকা হেলপার ট্রাকের নিচে আটকে পড়েন। তখন তাঁর চিত্কারে এলাকাবাসী তাঁকে উদ্ধারে এগিয়ে যায়।এ সময় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাস উভয়ই রাস্তার পাশে পড়ে যায়। সেখানে উদ্ধারে এগিয়ে আসা এলাকাবাসীর মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ, র্যাব, উপজেলা প্রশাসন র্যাকারের সাহায্যে ট্রাকের মালামাল নামিয়ে ট্রাকের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।