টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকাসহ নিহত ৩
বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে দুর্ঘটনায় বিদ্যালয়ের শিক্ষিকাসহ তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার হাতিয়া এলাকায় আজ বুধবার এ দুর্ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী মিঞা প্রথম আলো ডটকমকে বলেন, সেতু এলাকা থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস সকাল নয়টার দিকে হাতিয়ায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের যাত্রী ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের হাজেরা বেগম (২৫) নিহত হন।আহত নয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এঁরা হলেন: কালীহাতির বল্লভবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুন্নী আক্তার (২৫) ও একই উপজেলার দুগাতী গ্রামের সাদ্দাম হোসেন (২০)। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।