টাঙ্গাইলে ১১, লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে আরও ৯ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিলডগা ও বনমালী গ্রামে আজ বুধবার পাঁচ মহিলাসহ ১১ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একটি মেডিকেল টিম নিয়ে এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণ করে তাদের শনাক্ত করেন। এ দিকে লালমনিরহাটে আজ বুধবার আরও ছয়জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে আরও তিনজন এ রোগে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, বিলডগা গ্রামের হাশেম আলী গত ২৬ আগস্ট ২৪ হাজার টাকা দিয়ে একটি গরু কেনেন। গরুটি ১ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী এটি জবাই করে মাংস ভাগাভাগি করে। এ মাংস ভাগ ও রান্নার কাজে অংশ নেওয়া ১১ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন মো. আবদুল বাছিত জানান, আক্রান্তদের প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা গেছে।আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, সদর উপজেলার হারাটি ইউনিয়নে কিশামত হারাটি গ্রামে আজ আরও ছয়জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে। উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আহসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।পরিস্থিতি মোকাবিলার জন্য আজ দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা হয়। তিনি প্রথম আলোকে বলেন, পশুসম্পদ বিভাগের দেওয়া সুস্থতার ছাড়পত্র ছাড়া কেউ পশু জবাই করতে বা কিনতে পারবে না। তিনি আরও বলেন, ঈদের নামাজে ও মসজিদে জুমার নামাজের খোতবার আগে বা পরে ইমামদের অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দিতে বলা হয়েছে। এ ছাড়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. মতিয়ার রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ দল এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আজ আরও তিনজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন। আক্রান্ত ব্যক্তিদের ক্ষতস্থানের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।উপজেলার ফুলতলা গ্রামের হামিদুর রহমান (৪০) আজ হাতের আঙুলে ঘা নিয়ে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিত্সক বদরুল হাসান অ্যানথ্রাক্স বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার স্থানীয় বাজার থেকে গরুর মাংস কিনে খাওয়ার পর হাতে ফোসকা মতো ওঠে। একই উপজেলার বেলবাড়ী গ্রামের মকবুল মেম্বার ও গোয়ালকারী গ্রামের জাহাঙ্গীর আলমও অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে চিকিত্সকেরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক মুহা. শহীদুজ্জামান আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।