টাঙ্গাইলে ২৫ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালে মহাসড়কের শুভুল্যায় সংস্কারকাজ শুরু হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায়, আজ সকাল আটটার দিকে মহাসড়কের শুভুল্যায় সংস্কারকাজ শুরু হয়। এরপর মহাসড়কে একদিক দিয়ে যানবাহন চলতে থাকে। কিন্তু যানবাহনের চাপ বেশি থাকায় যানজট লেগে যায়। আজ দুপুর ১২টা পর্যন্ত সড়কের উভয় পাশে প্রায় ২৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে যানজট।মির্জাপুর গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ‘শুক্রবার এমনিতেই এই মহাসড়কে প্রাইাভেট কার ও মাইক্রোবাস বেশি চলাচল করে। বিশেষ করে যমুনা সেতু এলাকায় অনেক পর্যটক আসেন। এ জন্য যানবাহনের চাপও বেড়ে যায়।’ তবে চালকেরা নিয়ম না মেনে এলোপাতাড়ি গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, নিয়ম মেনে গাড়ি চালালে একপাশ দিয়েই যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারত। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।