টাঙ্গাইলে ২৫ মেয়র প্রার্থীর বিরুদ্ধে ১১৭ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলার নয়টি পৌরসভায় মেয়র পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের ২৫ জনের বিরুদ্ধে ১১৭টি ফৌজদারি মামলা হয়েছে বিভিন্ন সময়ে। কেউ কেউ খুনের মামলারও আসামি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় প্রার্থীরা নিজেরাই তাঁদের এসব মামলার তথ্য দিয়েছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে নগরপিতা হতে আগ্রহী ব্যক্তিদের এসব তথ্য ভোটারদের জানানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ হলফনামা আকারে আট ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে তা জেনে ভোটাররা যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারেন। এমনকি এসব তথ্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রচারের জন্য পৌর নির্বাচনের বাজেটে অর্থ বরাদ্দ রয়েছে। তবে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান প্রথম আলোকে বলেন, সংসদ নির্বাচনে হলফনামা ছাপার জন্য বাজেট থাকলেও এবার তা নেই। তাই এ হলফনামা শুধু স্থানীয় পত্রিকায় পাঠিয়ে ছাপানোর অনুরোধ করা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, তাঁরা এসব হলফনামার সংক্ষিপ্তসার হাতে পেয়েছেন। তাতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, প্রার্থীদের তথ্য ভোটারদের জানানোর দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাদের। হলফনামা ছাপিয়ে প্রচার করা ছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তা সাঁটিয়ে দেওয়ার কথা রয়েছে। সদরে দুই প্রার্থীর ৫২ মামলা: হলফনামা পর্যালোচনায় দেখা যায়, টাঙ্গাইলের সদর পৌরসভার অন্যতম প্রধান দুই প্রতিদ্বন্দ্বির বিরুদ্ধেই হয়েছে ৫২টি মামলা। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাহিদুর রহমান খান পাঁচটি খুনের মামলাসহ ৩৬টি মামলার আসামি। অবশ্য তিনি হলফনামায় বলেছেন, তিনটি খুনসহ চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বাকি ৩২টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। জানতে চাইলে সাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, বিগত বিএনপি সরকারের আমলে তাঁর বিরুদ্ধে বেশির ভাগ মামলা হয়েছে। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে।একই পৌরসভার বর্তমান মেয়র ও কৃষক শ্রমিক জনতা লীগের জামিলুর রহমান ১৬টি মামলার আসামি। এর মধ্যে একটি খুনসহ ছয়টি মামলা আদালতে বিচারাধীন। বাকি মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে তাঁর হলফনামায় উল্লেখ করা হয়।অবশ্য জামিলুর রহমান প্রথম আলোকে বলেন, কোনো ঘটনায় মামলা হলেই তাতে বিভিন্ন দলের নেতাদের আসামি করাটা টাঙ্গাইলের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। তাঁর দাবি, তিনি এ সংস্কৃতির শিকার হয়ে এসব মামলায় পড়েছেন।এখানে আরেক মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলামের নামে মামলা রয়েছে একটি।ধনবাড়ী: ধনবাড়ী পৌরসভায় চারজন প্রার্থীর মধ্যে তিনজনের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের মঞ্জুরুল ইসলাম হলফনামায় তাঁর মামলার বিষয়ে কিছু উল্লেখ করেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর বিরুদ্ধে কমপক্ষে চারটি মামলা রয়েছে। ২০০৬ সালের ২২ এপ্রিল এবং একই বছরের ৪, ৬ ও ৭ নভেম্বর তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়াসহ বেশ কিছু ধারায় এসব মামলা হয়। মামলাগুলো ‘রাজনৈতিক বিবেচনায়’ সরকারি কমিটির সুপারিশে প্রত্যাহার হয়ে গেছে বলে তাঁর আইনজীবী দাবি করেছেন।সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা বলেছেন, যথাসময়ে কেউ অভিযোগ না করায় এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কিছু করার ছিল না। তবে এখনো যে কেউ নির্বাচন কমিশনে এ ব্যাপারে অভিযোগ করতে পারেন।এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল ওয়াদুদ তালুকদারের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হয়েছে বলে তিনি হলফনামায় দাবি করেছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম এ সোবহানের নামে মামলা রয়েছে তিনটি। এর মধ্যে দুটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে।মধুপুর: মধুপুর পৌরসভায় পাঁচজন প্রার্থীই কোনো না-কোনো মামলার আসামি। পাঁচ প্রার্থীর বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ১৬টি। এর মধ্যে আওয়ামী লীগের সরওয়ার আলম খানের বিরুদ্ধে দুটি ও বিএনপির শহীদুল ইসলামের (সরকার শহীদ) বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। অবশ্য শহীদ দাবি করেছেন, তিনি ছয়টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।ঘাটাইল: ঘাটাইল পৌরসভার তিনজন প্রার্থীর মধ্যে দুজনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের হাসান আলী হলফনামায় বলেছেন, তিনি ইতিমধ্যে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আর বিএনপির প্রার্থী মঞ্জুরুল হকের বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন।ভূঞাপুর: ভূঞাপুর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মাসুদুল হক এবং দলটির বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে ছয়টি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়। এ পৌরসভায় মোট প্রার্থী ছয়জন।সখীপুর: সখীপুর পৌরসভায় ছয়জন প্রার্থীর মধ্যে দুজনের বিরুদ্ধে মামলা ১৫টি। এর মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ও বর্তমান মেয়র সানোয়ার হোসেন সজীবের বিরুদ্ধে পাঁচটি এবং একই দলের বিদ্রাহী প্রার্থী মীর জুলফিকার শামীমের বিরুদ্ধে দুটি মামলা চলছে।মির্জাপুর: মির্জাপুর পৌরসভায় তিনজন প্রার্থীর মধ্যে দুজনের বিরুদ্ধে চারটি মামলার তথ্য দেওয়া হয়েছে। কালিহাতী: কালিহাতী পৌরসভায় দুই মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে সাতটি মামলা থাকলেও সবগুলো থেকে তাঁরা খালাস ও আপসের মাধ্যমে অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। গোপালপুর: গোপালপুর পৌরসভায় ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনের নামেই মামলা রয়েছে। তবে তাঁদের মধ্যে চারজন দাবি করেছেন, তাঁরা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।