টাঙ্গাইলের ইয়াসা সারা দেশে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ফাহমিদা রুবানা চৌধুরীর সঙ্গে গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল আল ইয়াসা ওরফে ইফ্ফাত। দুপুর সাড়ে ১২টার দিকে তার খালা ফোন করে জানান, ইয়াসা এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছে।খবরটি শুনে প্রথমে ইয়াসা ও তার মায়ের বিশ্বাসই হচ্ছিল না। ইয়াসা জানায়, ‘পরীক্ষা দিয়েই বুঝেছিলাম, এবার সারা দেশে শীর্ষ দশে থাকব। কিন্তু প্রথম হব, তা কল্পনাও করিনি।’ ইয়াসা এ বছর টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দেয়। ৬০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৫৯৮। তার চেয়ে দুই নম্বর কম পেয়ে দ্বিতীয় হয়েছে দুজন। তারা হলো মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া হাসান ও টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের মো. নাঈমুর রহমান নাঈম। এক নম্বর কম পেয়ে তৃতীয় হয়েছে দুজন। তারা হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সপ্তর্ষি চন্দ ও নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানভীর আনজুম সাধ। তারা পেয়েছে ৫৯৫ নম্বর।লেখাপড়ায় ফাঁকি দেয়নি ইয়াসা: ইয়াসাদের বাড়ি টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায়। বাবা এস এম জাকারিয়া হায়দার সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও), মা গৃহিণী। ইয়াসার লেখাপড়ায় সব সময় উৎসাহ জোগাতেন তাঁরা। ইয়াসা জানায়, ‘কখনো লেখাপড়ায় ফাঁকি দিইনি। শিক্ষকেরা যখন যেমন করে পড়তে বলেছেন, সেভাবেই পড়া তৈরি করেছি।’ ভবিষ্যতে চিকিৎসক হতে আগ্রহী ইয়াসা। তার কথা, ‘নিজের ইচ্ছা না থাকলে ভালো ফল করা যায় না।’ কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খাতুন বলেন, ‘শুরু থেকেই ইয়াসার মধ্যে অধ্যবসায় ও প্রতিযোগিতার মনোভাব ছিল। সব সময় শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চলত। সে টাঙ্গাইলের মুখ উজ্জ্বল করেছে।’ছয় ঘণ্টা পড়ত নাঈমুর: সমাপনী পরীক্ষায় সারা দেশে দ্বিতীয় স্থান অধিকারী নাঈমুরদের বাড়ি টাঙ্গাইল শহরের বিশ্বাসবেতকা এলাকায়। ব্যবসায়ী শহীদুল ইসলাম ও গৃহিণী নাসিমা আক্তারের দুই ছেলের মধ্যে নাঈমুর বড়। নাঈমুর জানায়, ‘ভালো ফলের জন্য তার বিদ্যালয়ের শিক্ষক ও বাবা-মা বেশি পরিশ্রম করেছেন। ভবিষ্যতে সে পাইলট হতে চায়।’ ক্লাসে বরাবর প্রথম হওয়া নাঈমুর প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা পড়াশোনা করত। নাঈমুর জানায়, প্রতিদিনের পড়া নিয়মিত তৈরি করলে ভালো ফল করা সম্ভব। বাবা শহীদুল ইসলাম বলেন, ‘ও ভালো করবে এটা বুঝেছিলাম, কিন্তু সারা দেশে দ্বিতীয় হবে তা কল্পনাও করতে পারিনি।’ পিতৃহীন সাদিয়ার কথা: সাদিয়ার বয়স যখন এক, তখনই মারা যান সাদিয়ার বাবা কামরুল হাসান। তিনি ছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই)। যশোরের মনিরামপুর থানা থেকে মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ আসার পথে সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি। ১০ বছর আগে এই ঘটনার পর তার মা শাহিদা আক্তার স্বামীকে হারিয়ে ছোট শিশুসন্তান নিয়ে অকূল দরিয়ায় পড়েন। চাকরি নেন পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পরিদর্শিকা হিসেবে। সাদিয়ার মা জানান, ‘ও যে এত ভালো ফল করবে তা ভাবতে পারিনি। ওর বাবা থাকলে আজ কতই না খুশি হতো!’ছবি আঁকতে সাদিয়ার খুব ভালো লাগে। পড়াশোনার ব্যাপারে সে সবচেয়ে বেশি সহায়তা পায় মা ও মামার কাছ থেকে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে বিনে পয়সায় মানুষকে সেবা করাই তার স্বপ্ন। সপ্তর্ষির প্রিয় খেলা গোল্লাছুট: শ্রীমঙ্গলের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম হয়েছে সপ্তর্ষি চন্দ। আর এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় সে সিলেট বিভাগে প্রথম এবং জাতীয় পর্যায়ে যুগ্মভাবে তৃতীয় হয়েছে। সপ্তর্ষি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার ব্যবসায়ী সুবল চন্দ্র চন্দ ও গৃহিণী দীপালি রানী চন্দের একমাত্র সন্তান। লেখাপড়ার পাশাপাশি সপ্তর্ষি ছবি আঁকতে, গান গাইতে ও গান শুনতে পছন্দ করে। সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। তার কোনো গৃহশিক্ষক ছিল না। বাবাকে ধরে তানভীরের কান্না: যুগ্মভাবে তৃতীয় হওয়া তানভীর আনজুম সাধের আনন্দ সংবাদটি নিশ্চিত হওয়ার সময় বাবা মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমীর হোসেন বিদ্যালয়েই ছিলেন। মা ছিলেন ঘরে। সন্তানের এমন শুভ সংবাদে চোখের পানি ধরে রাখতে পারেননি আমীর। অপর এক সহকর্মীকে জড়িয়ে ধরে আনন্দে কিছুক্ষণ কেঁদে নেন। তানভীরও বাবাকে ধরে কেঁদে ফেলে। মা হসরাত জাহান সানজিদা বলেন, ‘ধারণা ছিল আমার ছেলে ভালো কিছু করবে। সন্তানের সাফল্যের খবর শুনতে মায়েদের কেমন অনুভূতি হতে পারে দিনটি না এলে অনুভব করতে পারতাম না।’ ভালো ফলে খুশি তানভীরও। তানভীর জানায়, ‘বিদ্যালয়ের পড়া বিদ্যালয়েই শেষ করতে হতো। এটিই ছিল ভালো ফলের মূলমন্ত্র।’ তানভীরও ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।প্রসঙ্গত, গত বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছিল তানভীরেরই বিদ্যালয় মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া সিকদার। (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কামনাশীষ শেখর, টাঙ্গাইল; জহিরুল ইসলাম খান, মাদারীপুর; বিশ্বজ্যোতি চৌধুরী, শ্রীমঙ্গল; সুমন মোল্লা, ভৈরব ও মনিরুজ্জামান, নরসিংদী)