টানা চার দিন পর কাজে যোগ দিলেন খনি শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী নিয়োগ এবং চলতি বছরের এপ্রিল পর্যন্ত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে টানা চার দিন ধর্মঘট পালন করার পর আজ বধুবার পঞ্চম দিনে দুপুরে কাজে যোগ দিয়েছেন দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের শ্রমিকেরা। শ্রমিকেরা গত শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।শ্রমিকেরা বর্তমানে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লুস্টারের নিয়োগ করা শ্রমিক। তাঁদের কাজের মেয়াদ ২৭ মাস।খনি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে খনি কর্তৃপক্ষের সঙ্গে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের শ্রমিক-কর্মচারীদের বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের সময় কমানোর দাবি অনুযায়ী ব্লুস্টারে নিয়োগ পাওয়া শ্রমিকদের কাজের মেয়াদ ২৭ মাস থেকে কমিয়ে ২০ মাস করার প্রস্তাব দেয় খনি কর্তৃপক্ষ। পাশাপাশি ওই সময়ের পর সরকারিভাবে শ্রমিকদের স্থায়ী নিয়োগের জন্য পেট্রোবাংলার কাছে জোর সুপারিশ করা হবে বলেও জানান তাঁরা।খনির ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন বলেন, দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নেন। তাঁদের চাকরি স্থায়ীকরণের জন্য পেট্রোবাংলার কাছে সুপারিশ করা হবে। সরকার তাঁদের চাকরি স্থায়ী করলে খনি কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই।ইউনিয়নের সভাপতি মোমিনুল হক জানান, তাঁদের প্রধান দাবি, খনিতে কর্মরত ২৯২ জন শ্রমিককে সরকারিভাবে স্থায়ী নিয়োগ দেওয়া। তাঁরা বেসরকারি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতে চান না। তিনি জানান, সরকারি বিধি অনুযায়ী ২০০০ সালে ২৯২ জন শ্রমিককে ছয় মাসের জন্য সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।শর্ত অনুযায়ী ছয় মাস সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর তাঁদের স্থায়ী নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু ২০০৪ সালে সরকার হঠাত্ সিদ্ধান্ত পরিবর্তন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের নিয়োগপত্র গ্রহণে বাধ্য করে।শ্রমিকদের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে তাঁরা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। চাকরির কোনো নিশ্চয়তা বা চাকরি শেষে কোনো ধরনের সুযোগ-সুবিধার বিষয় নেই।