আজ শুক্রবার থেকে আগামী শনিবার পর্যন্ত নয় দিনের মধ্যে স্বাভাবিক কার্যদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকবে কেবল এক দিন, বুধবার
টানা ছুটি ও হরতালের ফাঁদে ব্যবসা-বাণিজ্য
হরতাল ও ছুটির ফাঁদে পড়ছে দেশের ব্যবসা-বাণিজ্য। আজ শুক্রবার থেকে আগামী শনিবার পর্যন্ত নয় দিনের মধ্যে স্বাভাবিক কার্যদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকবে কেবল এক দিন, বুধবার। কেননা, সাপ্তাহিক ও সরকারি ছুটির বাইরে এই সময়ে হরতাল রয়েছে তিন দিন।বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, টানা ছুটি আর হরতালে কয়েকভাবে সমস্যায় পড়বেন তাঁরা। যেমন হরতালে পণ্য সরবরাহ হবে না। এতে বিক্রি কমে যাবে। সরবরাহে বাধা ও কাঁচামাল আসতে পারে না বলে উৎপাদন কমে যাবে। এ ছাড়া পণ্য পরিবহনে বাড়তি ভাড়া দিতে হবে। এতে উৎপাদন ব্যয় বাড়বে।আবার সরকারি ছুটির দিনগুলোয় ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে আমদানি-রপ্তানির ঋণপত্র খোলা যাবে না, অর্থ উত্তোলন ও পরিশোধ করা যাবে না।হরতাল ও রাজনৈতিক সহিংসতায় লোকসান হয় সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের। ঢাকা চেম্বারের হিসাবে, এক দিনের হরতালে দেশে ২০ কোটি ডলারের (প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা) ক্ষতি হয়।ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান প্রথম আলোকে বলেন, বিভিন্ন খাতের লোকসানের হিসাব থেকে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখন আরও বেশি হবে। কারণ, হরতাল ও সহিংসতা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। আগে রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাক ছেড়ে দেওয়া হতো, এখন জ্বালিয়ে দেওয়া হয়। ট্রেনে পর্যন্ত আগুন দেওয়া হচ্ছে।জিপিএইচ ইস্পাত ও এমআই সিমেন্টের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, তাঁর দুই শিল্পপ্রতিষ্ঠানে প্রতিদিন ১২ থেকে ১৫ লাখ টাকার লোকসান হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে, হরতালে দেশের ২০ লাখ দোকানে প্রতিদিন ক্ষতি হয় দুই থেকে তিন হাজার কোটি টাকা। আর জুয়েলার্স সমিতির হিসাবে, হরতালে প্রতিদিন কমপক্ষে সাত কোটি টাকার মতো ক্ষতি হয়।ব্যবসায়ীদের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানও লোকসানে পড়ছে। বেনাপোল বন্দরের যুগ্ম কমিশনার ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, স্বাভাবিক সময়ে এ বন্দর থেকে প্রতিদিন ১১ কোটি টাকার রাজস্ব আদায় হয়। আর গত হরতালে প্রতিদিন রাজস্ব আদায় হয়েছিল পৌনে দুই কোটি টাকা।গত সপ্তাহের টানা তিন দিনের হরতালে প্রতিদিন তরল দুধ বিক্রি বাবদ ৯০ লাখ টাকা এবং দই, মাখনসহ অন্যান্য পণ্য বিক্রি বাবদ ১০ লাখ টাকা করে ক্ষতি হয় পাস্তুরিত তরল দুধ সরবরাহকারী দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান মিল্ক ভিটার।প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‘হরতাল-সহিংসতায় পণ্য সরবরাহ, উৎপাদন ও বিক্রিতে বিপর্যয় নেমে এসেছে। গত মাসের বিক্রয় লক্ষ্যমাত্রার তুলনায় ৬০ শতাংশ হয়েছে। আর যে হারে হরতাল হচ্ছে, এ মাসে ৪০ শতাংশ বিক্রি হবে বলে আমরা আশঙ্কা করছি। আগামী দিনগুলোতে পণ্য সরবরাহ করাই মুশকিল হয়ে যাবে।’তবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এরই মধ্যে শুক্রবার এবং অন্যান্য ছুটির দিনে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে।জানতে চাইলে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন প্রথম আলোকে বলেন, এভাবে চলতে থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি হুমকির মুখে পড়বে। সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুবই মুশকিল হবে। বর্তমান ধারা অব্যাহত থাকলে বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠানের নগদ অর্থপ্রবাহে বড় ধরনের সংকট হবে।বিক্রি কমার আশঙ্কা: বাংলাদেশ এডিবল অয়েলের (রূপচাঁদা ব্র্যান্ড) বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যেভাবে হরতাল দেওয়া হচ্ছে, এ মাসে আমরা যে বিক্রয় লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম, তার বড়জোর ৭০ থেকে ৮০ শতাংশ বিক্রি হবে। চাহিদা অনুযায়ী আমরা তেল সরবরাহ করতে পারব না, বিক্রিও কম হবে।’বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের (বিইএমএমএ) সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘হরতালে চট্টগ্রাম থেকে কাঁচামাল ঢাকায় আসতে পারে না। এতে উৎপাদন ব্যাহত হয়। আবার হরতালে দোকানপাট বন্ধ থাকে। তাঁদের বেচাবিক্রি না হওয়ায় পণ্যও গুদামে পড়ে থাকে।’ব্যাহত হবে উৎপাদন: পণ্য সরবরাহ ও বিক্রি কমে গেলে অনেক প্রতিষ্ঠান পণ্য উৎপাদনও কমিয়ে দেয়। যেসব পণ্য উৎপাদনে বেশি শ্রমিকের প্রয়োজন হয়, আগামী কয়েক দিন সেসব পণ্যের উৎপাদন কমে যেতে পারে। কারণ, হরতালে শ্রমিকেরা কাজে আসতে পারেন না। আবার হরতালে সরবরাহ বিঘ্নিত হলে কারখানায় কাঁচামাল ও তৈরি পণ্যের স্তূপ পড়ে থাকে। এর ফলে উৎপাদনই কমিয়ে দিতে বাধ্য হয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল স্থলবন্দরে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৮১৬টি পণ্যবাহী ট্রাক খালাসের অপেক্ষায় ছিল। ভারত থেকে আসা এসব ট্রাকের একটি বড় অংশেই আছে বিভিন্ন পচনশীল পণ্য এবং শিল্পপণ্যের কাঁচামাল। হরতালে খালাস করা সম্ভব হয় না বলে পণ্য নিয়ে এসব ট্রাক বন্দরেই পড়ে থাকে।বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মতিয়ার রহমান বলেন, ‘ভারত থেকে আমদানি হওয়া পণ্য বেনাপোল থেকে ঢাকায় আনার জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না। আর যেতে আগ্রহী ট্রাকমালিকেরা বেশি ভাড়া চাইছেন। গত হরতালের আগে বেনাপোল থেকে ঢাকায় পণ্য পরিবহনে ১৭ থেকে ১৮ হাজার টাকা নিলেও ট্রাকমালিকেরা এখন ২২ থেকে ২৩ হাজার টাকা চাইছেন।’বেনাপোল স্থলবন্দরের যুগ্ম কমিশনার ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা আবেদন করলে বিশেষ অনুমতি সাপেক্ষে শিল্পপণ্যের কাঁচামাল শনিবারও খালাস করা হবে।