টানা ছয় দিনের দরপতনে সূচক কমল ৪২২ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে টানা ছয় দিন ধরে দরপতন ঘটেছে। চলতি মাসের প্রথম কার্যদিবস থেকে শুরু হওয়া এই দরপতন গতকাল রোববারও অব্যাহত ছিল। ছয় দিনের টানা দরপতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ৪২২ পয়েন্ট। এর মধ্যে গতকাল এক দিনেই ডিএসইর সাধারণ সূচক প্রায় ৮৫ পয়েন্ট কমে নেমে এসেছে চার হাজার ৮৪৭ পয়েন্টে। গত ১৫ নভেম্বরের পর এটিই ডিএসইর সাধারণ মূল্যসূচকের সর্বনিম্ন অবস্থান। ওই দিন সূচক ছিল চার হাজার ৬৪৯ পয়েন্ট। দরপতনের প্রতিবাদে গতকালও রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনের সড়কে বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী। লেনদেন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে বেশ কয়েক ঘণ্টা ডিএসই ভবনের সামনের সড়কে যান চলাচল ছিল বন্ধ। ডিএসই সূত্র জানায়, সকালে দরপতন দিয়ে লেনদেন শুরুর পর বেলা সাড়ে ১১টার দিকে কিছুসংখ্যক বিনিয়োগকারী ডিএসইর এনেক্স ভবনের বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসে হানা দেন। এ সময় তাঁরা ওই সব হাউসের বিনিয়োগকারীদের আন্দোলনে অংশ নেওয়া এবং হাউসগুলোতে লেনদেন বন্ধ রাখার দাবি জানান। বিনিয়োগকারীদের দাবির মুখে সাময়িকভাবে ওই সব হাউসের লেনদেন বন্ধ রাখা হলেও পরে তা আবার চালু করা হয়।মূল্যসূচকের পতন দিয়েই গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়। প্রথম ২০ মিনিটের মধ্যেই ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৮৭ পয়েন্ট কমে যায়। এরপর বেলা একটা পর্যন্ত সূচকের কিছুটা উত্থান-পতন ঘটে। কিন্তু তাতেও পতন থামেনি। জানতে চাইলে এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বাজারের মূল্যসূচক এখন পাঁচ হাজার পয়েন্টের নিচে রয়েছে। কিন্তু গত বছরের একই সময়ের সঙ্গে বিবেচনা করলে সূচক আসলে বর্তমান অবস্থানের চেয়েও অনেক নিচে আছে। কারণ এই এক বছরে বাজারে শেয়ারসংখ্যা অনেক বেড়েছে।’ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, ‘দীর্ঘ মেয়াদে এটি খুবই ভালো বিনিয়োগযোগ্য বাজার। তার পরও বাজারে দরপতন চলছে। এর একটি কারণ হতে পারে সরকার ঘোষিত প্রণোদনার পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে যে পরিমাণ বিনিয়োগ প্রত্যাশা করা হয়েছিল, প্রতিষ্ঠানগুলো তা পূরণ করতে পারেনি। প্রতিদিনের লেনদেন দেখলেই বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানগুলো বাজারে খুব একটা সক্রিয় নয়।’ ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘মূল ব্যবসার ক্ষেত্রে ব্যাংকগুলোতে তারল্যসংকট রয়েছে। এ অবস্থায় তাদের পক্ষে হয়তো বিনিয়োগ বাড়ানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি বছর শেষের হিসাব-নিকাশের বিষয়ও রয়েছে। এসব কারণে হয়তো ব্যাংকগুলো প্রত্যাশা পূরণ করতে পারছে না।’তবে গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। দিন শেষে ডিএসইতে প্রায় ২০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি।ঢাকার বাজারে গতকাল ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৬টিরই দাম কমেছে, বেড়েছে ৩১টির আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক দিন শেষে ২২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৭৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টিরই দাম কমেছে, বেড়েছে ১৯টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে ২৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা কম। এসইসি-আইএমএফ বৈঠক: দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতার প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ক্ষমতা, দক্ষতা ও স্বাধীনতা বাড়ানোর পক্ষে মত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোরও তাগিদ দেয়। গতকাল রোববার সকালে এসইসির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সফরকারী আইএমএফের প্রতিনিধিদলের সদস্যরা এসব তাগিদ দেন। এসইসি পুনর্গঠনের পর আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সালমান এফ রহমানের শেয়ার কেনার ঘোষণা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার পাঁচ লাখ করে মোট ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানি দুটির অন্যতম উদ্যোক্তা পরিচালক সালমান এফ রহমান। ৩০ কার্যদিবসের মধ্যে বাজারমূল্যে তিনি এ শেয়ার কিনবেন। গতকাল এ খবর ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপের পর এ ঘোষণা দেওয়া হলো। এদিকে কোম্পানির কাজে গতকাল এসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন সালমান এফ রহমান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, চলতি মাসের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে বাজার স্থিতিশীলকরণ তহবিলের কার্যক্রম শুরু হবে। বাজার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘এসইসি যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলে বাজার স্বাভাবিক হয়ে আসবে। তবে এ ক্ষেত্রে সময়ের প্রয়োজন রয়েছে।’