টানা তিনবার প্রথম রাজউক উত্তরা মডেল স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেমন শ্রেষ্ঠত্ব, তেমনি উচ্ছ্বাস ছিল রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের। হ্যাটট্রিক শিরোপার উচ্ছ্বাস। এসএসসি পরীক্ষায় টানা তিনবার ঢাকা বোর্ডে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান।এ বছর কলেজ থেকে ৪১২ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। পাস করেছে সবাই। এর মধ্যে ৪০৬ জনই পেয়েছে জিপিএ-৫। বাকি ছয়জনের ফলাফল জিপিএ ৪ দশমিক ৯৪ থেকে ৪ দশমিক ৬৯-এর মধ্যে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮ দশমিক ৫৪ শতাংশ।কলেজ সূত্র জানায়, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষার্থী ছিল ৩৭০ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন জিপিএ-৫ পেয়েছে।এই অসাধারণ সাফল্যে মিষ্টির ছড়াছড়ি ছিল কলেজ প্রাঙ্গণে। শিক্ষার্থীদের আবদারে বারবার মিষ্টি খেতে হয়েছে অধ্যক্ষকে।অনুভূতি জানতে চাইলে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা সাফল্যে হ্যাটট্রিক করেছি। এই ফলাফল আনন্দ ও গৌরবের।’ সাফল্যের নেপথ্যে কী আছে—এই প্রশ্নের উত্তরে গোলাম হোসেন বলেন, ‘দ্বিতীয় হওয়া মানেই তো পিছিয়ে পড়া। এটাই ছিল নেপথ্যের তাড়না। এ জন্য শ্রেণীকক্ষে শিক্ষকদের উঁচুমানের পাঠদান, পাঠ পরিকল্পনা, পাঠ্যসূচি যথাসময়ে শেষ করা এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল।’অধ্যক্ষের ভাষায়, কলেজের সাফল্যের পেছনে আরও একটি বড় কারণ আছে। তা হচ্ছে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি চমৎকার বোঝাপড়া। তাঁর কথায়, ‘এখানকার অভিভাবকেরা খুবই সচেতন। আর শিক্ষার্থীরা সব সুযোগের সদ্ব্যবহার করে। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক—এই তিন পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বারবার সাফল্য পাচ্ছি।’আগামীর লক্ষ্য জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘গতবার ১২ জন জিপিএ-৫ পায়নি। এবার তা কমে ছয়জনে এসেছে। আগামীবার সবাই জিপিএ-৫ পাবে, এটাই আমাদের লক্ষ্য।’শৈলী ফাহরিন ও নওরিন আফরোজ দুই বান্ধবী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। দুজনই জিপিএ-৫ পেয়েছে। ফলাফলে দারুণ উচ্ছ্বসিত শৈলী ও নওরিন জানায়, ভালো ফল করার জন্য শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে হবে। এই ভীতি দূর করতে রাজউক কলেজের প্রতিদিনের পাঠসূচিতে কোনো না কোনো পরীক্ষা থাকতই।