টানা দরপতনের ধারায় আবার শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আবারও টানা দরপতনের ধারা শুরু হয়েছে। গত সপ্তাহে টানা দরপতন বন্ধ ছিল। কিন্তু চলতি সপ্তাহের তিন দিনেই দরপতন ঘটেছে। কমেছে লেনদেনও। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন দিনে সাধারণ মূল্যসূচক ১৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭২৭ পয়েন্টে। গত ২২ সেপ্টেম্বরের পর ডিএসইর সাধারণ সূচকের এটিই সর্বনিম্ন অবস্থান। ওই দিন ডিএসইর সাধারণ সূচক ছিল পাঁচ হাজার ৬৫২ পয়েন্ট। ঢাকার বাজারে আগের দিন বড় দরপতন ঘটলেও গতকাল দিনভর সূচকের ওঠানামা ছিল। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমেছে ৩৭ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত তিন দিনে সার্বিক মূল্যসূচক ৪৩৮ পয়েন্ট কমেছে। এর মধ্যে গতকাল এক দিনে কমেছে ১০০ পয়েন্ট। বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থ-সংকটই এখন বাজারের বড় সমস্যা। এর সঙ্গে রয়েছে বিনিয়োগকারীদের আস্থাহীনতা। বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তারল্য সরবরাহ না বাড়লে শুধু নীতি সহায়তা দিয়ে বাজারের দরপতন ঠেকানো যাবে না। ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের দিক থেকে দৃশ্যমান কিছু উদ্যোগ নেওয়া দরকার। গত বাজেট ও পরবর্তী সময়ে সরকার এমন কিছু উদ্যোগ নিয়েছে, যাতে বিনিয়োগকারীদের ব্যবসায়িক খরচ অনেক বেড়ে গেছে। এই খরচ কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে নিতে হবে। এ ব্যাপারে এসইসিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক ও পুঁজিবাজার-বিশ্লেষক মাহমুদ ওসমান ইমাম প্রথম আলোকে বলেন, মূল্যসূচক বা শেয়ারের দরপতনের চেয়ে লেনদেন কমে যাওয়াটি বাজারের জন্য অনেক বেশি উদ্বেগের। কেন লেনদেন কমে যাচ্ছে, এর সঠিক কারণ অনুসন্ধান করা জরুরি। তাঁর মতে, গত বছর লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠান ও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে এসইসি এর কারণ অনুসন্ধান করতে পারে। সাম্প্রতিক বাজার পরিস্থিতিতে এটা খুবই স্পষ্ট যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে মোটেই সক্রিয় নন। তবে ডিএসই সভাপতির মতে, ‘বর্তমান বাজারে বিনিয়োগকারীদের আর হারানোর তেমন কিছুই নেই। এটি এখন সম্ভাবনার বাজার। শেয়ারের দাম যে পর্যায়ে নেমে এসেছে, তাতে ওই দামই বাজারে আবার বিনিয়োগকারী টেনে আনবে। এ ক্ষেত্রে স্বল্প সময়ে লাভের চিন্তা না করে একটু ধৈর্য ধরতে হবে।’ তিনি আরও বলেন, ‘দাম অনেক কমে যাওয়ায় বেশির ভাগ বিনিয়োগকারী শেয়ার বিক্রি করছেন না। এ কারণে লেনদেনও কিছুটা কমে যাচ্ছে। বাজার তার আপন গতিতেই আবার প্রাণ ফিরে পাবে।’ গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশেরই দাম কমেছে। দিন শেষে ঢাকার বাজারে ২৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টিরই দাম কমেছে, বেড়েছে ৮৭টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৮৫ কোটি টাকা। যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর ঢাকার বাজারে প্রায় ২৮৪ কোটি টাকার লেনদেন হয়েছিল। চট্টগ্রামের বাজারে গতকাল প্রায় ৬৮ শতাংশ শেয়ারেরই দাম কমেছে। সিএসইতে এদিন ১৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। তার মধ্যে ১২৩টিরই দাম কমেছে, বেড়েছে ৪২টির, আর অপরিবর্তিত ছিল ১৫টির। সিএসইতে গতকাল প্রায় ৪৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংকে বৈঠক: বাজার স্থিতিশীলকরণ তহবিল (এমএসএফ) নিয়ে গতকাল বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদাও উপস্থিত ছিলেন। জানা গেছে, যেসব ঋণদাতা-প্রতিষ্ঠান বা ব্যক্তি-বিনিয়োগকারী এমএসএফের ইউনিটের বিনিময়ে তাঁদের বিনিয়োগ-কোষ হস্তান্তর করবেন, এর বিপরীতে প্রদত্ত ঋণের সুদ দুই বছর পর্যন্ত মওকুফ করতে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানানো হয়। পাশাপাশি এসব ঋণকে শ্রেণীকরণ ও ঋণের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং দুই বছর মুলতবি রাখতেও অনুরোধ জানানো হয়েছে। বৈঠক প্রসঙ্গে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, ‘আবেদনগুলোর ব্যাপারে গভর্নর ইতিবাচক সাড়া দিয়েছেন। লিখিত প্রস্তাব পাওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।’ এর আগে গত বৃহস্পতিবার শেয়ারবাজারের ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণের দায় নিতে বেসরকারি পর্যায়ে একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড গঠনের ঘোষণা দেয় এফবিসিসিআই।