টানা পাম্পই ভরসা!
গ্রীষ্মের গরমে পানির ব্যবহার বেড়ে গেছে। চাহিদা বাড়ার সঙ্গে সংগতি রেখে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) পানি উত্তোলনের পরিমাণ বাড়াতে পারছে না। তাদের নলে থাকছে না পর্যাপ্ত পানি। নল থেকে কমছে প্রবাহের গতি। অনেক গ্রাহকের ভবনের নিচের পানির ট্যাংকিতে এখন স্বাভাবিক প্রবাহে পানি আসছে না। তাই অনেকেই ঢাকা ওয়াসার নল থেকে ট্যাংকিতে পানি আনতে টানা পাম্প (সাংসান পাম্প) ব্যবহার করছেন। এতে অতিরিক্ত একটি পাম্প চালিয়ে সরাসরি ঢাকা ওয়াসার লাইন থেকে পানি টেনে এনে ভবনের নিচের ট্যাংকি ভরা হয়।টানা পাম্প দিয়ে পানি নেওয়াকে অনিয়ম হিসেবেই দেখছে ঢাকা ওয়াসা। গ্রাহকদের এই কাজ করতে নিষেধ করে তারা সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছে। বিজ্ঞপ্তি দিয়েই তারা দায়িত্ব শেষ করছে।অন্যদিকে ঢাকা ওয়াসার অনেক গ্রাহক বলেন, তাঁরা পানি না পেয়ে বাধ্য হয়ে টানা পাম্প ব্যবহার করেন। এমনিতে পানি পেলে বাড়তি বিদ্যুৎ বিল গুনে কেউ টানা পাম্প ব্যবহার করত না।নগরের অনেক এলাকায় দেখা গেছে, পাশাপাশি দুটি ভবনের একটির ট্যাংকিতে এমনিতেই ঢাকা ওয়াসার পানি আসছে। কিন্তু অন্যটিতে পানি আসছে না। ফলে ওই ভবনের জন্য টানা পাম্প ব্যবহার করতে হচ্ছে। মিরপুর-১ নম্বর সেকশনের টোলারবাগের বাসিন্দা মঞ্জুরুল করিমের বাসায় টানা পাম্প ব্যবহার করা হয়। এই কাজ তো ঢাকা ওয়াসার দৃষ্টিতে অবৈধ? এমন প্রশ্নে তিনি বলেন, ‘কী করব, টানা পাম্প ব্যবহার না করলে তো কখনো বাসায় পানি পাব না।’টানা পাম্প ব্যবহারকারীরা পানি পেলেও তাঁদের আশপাশের যাঁরা টানা পাম্প ব্যবহার করেন না, তাঁরা ভোগেন পানির সংকটে। বিদ্যুতের খরচ বাঁচাতে টানা পাম্প থাকলেও তা ব্যবহার করেন না অনেক বাড়িওয়ালা। মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের ৬/১৪ বাড়িতে দেখা গেছে এমন চিত্র। এখানকার বাড়িওয়ালা খোন্দকার ইকরামুল বলেন, ‘এমনিতেই যে পানি আসে তা দিয়েই চালাই।’ একই বাসার একজন ভাড়াটে বলেন, ‘প্রায় দিনই পানি থাকে না। বাড়িওয়ালাকে বারবার বলা সত্ত্বেও তিনি পাম্প চালু করতে চান না।’একই রোডের ৪/২ বাড়ির বাসিন্দা শিহাব মোন্তাহা জানালেন, তাঁদের বাসায় টানা পাম্পের কোনো ব্যবস্থা নেই। আশপাশের অনেক ভবনে টানা পাম্প ব্যবহূত হওয়ায় তাঁরা পানির সংকটে আছেন। একজন টানা পাম্প ব্যবহার করলে অন্যরা তাঁদের নির্ধারিত পানি থেকে বঞ্চিত হয় বলে তিনি অভিযোগ করেন।খোদ ঢাকা ওয়াসার সূত্র জানায়, নগরের বেশির ভাগ বাড়িতে টানা পাম্প ব্যবহার করা হয়। অনেকেই ভবন তৈরি করার সময়ই একসঙ্গে দুটি পাম্প স্থায়ীভাবে লাগিয়ে নেন। একটি ওয়াসার লাইন থেকে পানি টেনে আনে, আরেকটি ভবনের নিচ থেকে ছাদের ট্যাংকিতে পানি ওঠানোর জন্য ব্যবহার করা হয়।লালবাগের শায়েস্তা খান রোডের ২৩/১৪ কওসরী ভিলার বাসিন্দা আলম রহমান জানান, তাঁদের বাসায় টানা পাম্পের বদৌলতেই পানি মেলে। তবে অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে টানা পাম্পে পানি ওঠালেও পানিতে দুর্গন্ধ পাওয়া যায়। এটা নিয়ে আক্ষেপ করছিলেন ২৭/৭ ঢাকেশ্বরী রোডের বাসিন্দা আশরাফ উল্লাহ শিকদার। এদিকে পশ্চিম ধানমন্ডির বাসিন্দা মামুন কবির বলেন, টানা পাম্প ব্যবহার যাতে না করা হয় এ জন্য ওয়াসার নির্দিষ্ট আইন তৈরি ও তা বাস্তবায়ন করা উচিত।ঢাকা ওয়াসা সূত্র জানায়, তাদের গ্রাহকদের দৈনিক চাহিদা এখন ২৩০ কোটি লিটারের মতো। আর তারা উত্তোলন করতে পারছে ২০০ কোটি লিটারের কিছু বেশি। এ অবস্থায় পানির ঘাটতি থেকেই যাচ্ছে। এই ঘাটতির কারণে ঢাকা ওয়াসার নলে ঠিকমতো পানি থাকছে না। তাই টানা পাম্প দিয়ে গ্রাহকেরা পানি টানলেও তা বন্ধে ঢাকা ওয়াসা কড়াকড়ি করছে না। এ বিষয়ে ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসি উদ্দিন বলেন, নগরের বেশির ভাগ গ্রাহকই টানা পাম্প ব্যবহার করছে। অভিযান চালাতে গেলে অনেকেরই জেল-জরিমানা হবে। এ অবস্থায় গ্রাহকদের সচেতন করতে তাঁরা শুধু বিজ্ঞপ্তি দিচ্ছেন। গ্রাহকেরা যদি সচেতন হন, তবে টানা পাম্পের ব্যবহার থাকবে না বলে তিনি মনে করেন।