টানা বর্ষণে রাজধানীতে দুর্ভোগ (ভিডিও)
একটানা বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমেছে। অনেক সড়ক পানিতে ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। গতকাল বুধবার মাঝরাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত একটানা বৃষ্টি চলছে। সকাল ১১ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বর্ষণ চলছিল। ঢাকার আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা জালাল হোসেন জানান, স্বাভাবিক কারণেই এ বৃষ্টিপাত হচ্ছে। কালবৈশাখীর প্রভাবে আজ সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, তেজতুরি বাজার, কাওরান বাজার, মৌচাক মোড়, পুলিশ লাইন, নাখালপাড়া, তেজকুনি পাড়া—এসব এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্থান ও সড়কে বৃষ্টির পানি জমেছে। এতে বিড়ম্বনায় পড়েছেন পথচারী ও গাড়িচালকেরা।বেলা পৌনে ১১টার দিকে কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনের সড়কে পানি জমে থাকতে দেখা যায়। ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি সিএনজি অটো রিকশা ও একটি ভেসপা-যান বিকল হয়ে পড়ে। চালক মো. মাহমুদ বলেন, ‘ব্যক্তিগত কাজে মগবাজার যাচ্ছিলাম। সড়কে পানি জমে থাকায় মোটরসাইকেল বিকল হয়ে গেছে।’সিএনজি অটোরিকশা চালক জমির মিয়া বলেন, ‘বৃষ্টির কারণে সকাল থেকে বের হতে পারিনি। কিছুক্ষণ আগে বের হলাম। ওই পথ দিয়ে যাওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। জানিনা ঠিক হতে কতক্ষণ লাগে।’রাজধানীর রামপুরা সেতুর পাশে যাত্রীর অপেক্ষায় থাকা রিকশাচালক বাবলুর সঙ্গে কথা হয়। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘সকাল আটটায় রিকশা নিয়া বাইর হইছি। সাড়ে ১০টা পর্যন্ত ৫০ টাকা পাইছি।’ তিনি বলেন, ‘বৃষ্টিতে ভিজতাছি, কিন্তু ইনকাম নাই। বৃষ্টির কারণে ঘর থাইকা মানুষ বাইর হইতাছে না।’ টানা বর্ষণে কষ্টে পড়েছেন রাজধানীর ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। ধানমন্ডি এলাকায় রিকশাভ্যান চালক মো. আবু সাঈদ জানান, ভোর ছয়টায় ঘুম থেকে উঠলেও কোনো খেপ পাননি। প্রথম আলো ডট কমকে তিনি বলেন, ‘বৃষ্টি না আইলে পাঁচ-ছয় শ’ ট্যাকার ভাড়া মারি। আইজ কেউ নাই। তাও বইয়া রইছি। যদি কেউ যায়’। একই অবস্থা মো. সিদ্দিক মিয়ার। বাসা বদলানোর কাজে শ্রমিকের কাজ করেন সিদ্দিক। তিনি বলেন, ‘পাটি ফোন করছে আটটায়। কলাবাগানের ভিতরে কোমর পানি। কেমনে কী করব? পানি আজকে নামব কি না কে জানে?’ শ্রমজীবী মানুষের মত বিপাকে পড়েছেন আরও বিভিন্ন পেশার মানুষ। বসুন্ধরা শপিং মলের ঠিক পেছনে প্রায় কোমর পর্যন্ত পানি জমেছে। রাস্তার ধারে থাকা দোকানপাটে পানি। রাস্তা থেকে নিচুতে বাড়িঘরেও ঢুকেছে পানি। পশ্চিম রাজাবাজারের বাসিন্দা শাহনাজ বেগম জানান, পানির কারণে ভোররাত থেকে তিন মেয়ে নিয়ে খাটের ওপর বসে আছেন। প্রতি জোর বৃষ্টি হলেই তাঁদের এই দুর্ভোগ পোহাতে হয়।