টানা বৃষ্টিতে পাহাড়ে আরও ধসের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাটালি হিল এলাকায় মাটির নিচ থেকে গতকাল শনিবার সকালে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর পরই সেখানে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। প্রতিরক্ষা-দেয়ালসহ পাহাড়ধসের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।টানা বৃষ্টি হওয়ায় চট্টগ্রাম নগরের অন্যান্য পাহাড়েও ধসের আশঙ্কা করা হচ্ছে। এ জন্য বিভিন্ন পাহাড়ের ঢালে বসবাসরত লোকজনকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।জানা গেছে, গতকাল সকালে দুর্ঘটনাস্থল থেকে হোসনে আরা বেগম (৩৮) ও রাজিয়া বেগমের (৪০) লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার হোসনে আরার দুই শিশুসন্তান সাজ্জাদ ও শাহেদা এবং রাজিয়ার বাক্প্রতিবন্ধী মেয়ে শাহীনুরের লাশসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয়।গতকাল সকাল আটটায় সর্বশেষ রাজিয়ার লাশ উদ্ধার করা হয়। এর পরই আনুষ্ঠানিকভাবে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর থেকে সেনাবাহিনী, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধারকারী দল প্রায় ২৫ ঘণ্টা টানা উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, ‘প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সেখানে আর কোনো লাশ থাকার কথা নয়। এ ছাড়া কেউ নিখোঁজও নেই। তাই জেলা প্রশাসকের নির্দেশে উদ্ধার অভিযান শেষ করা হয়।’শুক্রবার পাহাড়ধসের পর বাটালি হিল ও আশপাশের এলাকার মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। অনেকে দুর্ঘটনাস্থল দেখতে আসেন। গতকাল ওই স্থানে শত শত উৎসুক নারী-পুরুষকে দেখা যায়। দেখা গেছে নিহত কয়েকজনের স্বজনকে। এ সময় তাঁরা কান্নাকাটি করছিলেন।বাটালি হিলে উদ্ধারকাজের সময় পাহাড়ের নিচের সমতল এলাকা থেকে অনেক পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছিল। এসব পরিবার গতকাল আবার ফিরে আসতে শুরু করেছে। ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা-দেয়ালের পাশে এখন আর কোনো পরিবার নেই। কোনো ঘর নেই।অন্যদের সরিয়ে নেওয়া হচ্ছে: টানা বৃষ্টি হওয়ায় চট্টগ্রাম নগরের অন্যান্য পাহাড়েও ধসের আশঙ্কা করা হচ্ছে। এ জন্য নগরে বিভিন্ন পাহাড়ের ঢালে বসবাসরত লোকজনকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। মতিঝর্ণা, কুসুমবাগ, বাটালি হিলসহ বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করে জনগণকে সতর্ক করেছে সিটি করপোরেশন। এ ছাড়া ম্যাজিস্ট্রেট দিয়ে ইতিমধ্যে অনেককে সরিয়ে নিজ নিজ এলাকার বিদ্যালয়সহ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘টানা বৃষ্টির কারণে লোকজনকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া বাটালি হিল এলাকায় দুর্ঘটনাস্থলের আশপাশে যারা ঝুঁকিতে ছিল, তাদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে।’জানা গেছে, সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার বিষয়টি তদারকি করছে।ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ: দেয়ালধসে ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে নগদ দুই লাখ টাকা ও ৪ দশমিক ৬৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে বিতরণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে ৩ দশমিক ৬৬ টন এবং ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে এক টন চাল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য আরও নগদ অর্থ, চাল এবং গৃহনির্মাণের অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।