টানা বৃষ্টিতে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত
টানা বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকায় ছয়দিন ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসে ব্যাঘাত ঘটছে।বন্দর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বহির্নোঙরে পণ্যবাহী ৪০টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে কাঁচা চিনিবাহী তিনটি জাহাজ, লবণবাহী দুটি, সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকারবাহী ১৩টি ও সারবাহী দুটি জাহাজ রয়েছে। অন্য জাহাজগুলো পণ্য খালাসের জন্য দলিলাদি সম্পন্ন হয়নি। কিছু জাহাজ আবার জেটিতে ভেড়ার অপেক্ষায় বহির্নোঙরে দাঁড়িয়ে আছে।প্রসঙ্গত, যেসব বড় আকারের বাল্ক জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে পারে না, সেগুলো থেকে পণ্য খালাস করতে হয় বহির্নোঙরে। এসব বড় জাহাজ থেকে পণ্য খালাস করে প্রথমে ছোট আকারের লাইটার জাহাজে বোঝাই করা হয়। পরে এসব পণ্য নদীপথে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটসহ দেশের বিভিন্ন ঘাটে পরিবহন করা হয়।কিন্তু বৃষ্টি হলে খালাসের সময় এসব খোলা পণ্য নষ্ট হয়ে যায়। কারণ এসব পণ্য জাহাজের খোলসের মধ্যে খোলা অবস্থায় থাকে। খালাসের সময় জাহাজের খোলসের ঢাকনা খুলে খালাস করতে হয়। বেসরকারি শিপ হ্যান্ডেলিং অপারেটররা বহির্নোঙরে পণ্য খালাসের কাজ পরিচালনা করেন।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সাধারণত বৃষ্টি হলে বহির্নোঙরে পণ্য খালাসের কাজ ব্যাহত হয়।