টানা বৃষ্টিতে বাজারের দুর্ভোগ আরও বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন যাপনে এমনিতেই দুর্ভোগের অন্ত নেই। টানা বৃষ্টিতে স্বস্তি ছিল কেবল এক জায়গায়ই— ভাপসা গরম কমেছে। তবে এই গরম বাজারে পৌঁছে যাওয়ায় দুর্ভোগ যেন আরও বেড়েছে।টানা বর্ষণে রাজধানীর বাজারগুলোতে কমে গেছে সবজির সরবরাহ। তাই বেড়েছে সব ধরনের সবজির দাম। ক্রেতাদের দুর্ভোগও বেড়েছে বহু গুণে।গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর জমে থাকা পানি ও কাদার ভয়ে বাজারে ঢুকতেই সাহস পাননি অনেক ক্রেতা। ঢুকলেই কাদায় মাখামাখি।এসব কারণে গতকাল বুধবার কাঁচাবাজারে ক্রেতার সংখ্যা ছিল অন্যান্য দিনের চেয়ে কম। এক দিকে আবহাওয়াগত দুর্ভোগ, অন্য দিকে সরবরাহ কম। আর এই দুয়ের সুযোগে তরিতরকারির দাম বাড়ানো—সব মিলিয়ে কাঁচাবাজারে মানুষের দুর্ভোগ গতকাল পৌঁছেছিল চরমে।বর্ষণের হাত থেকে রেহাই পায়নি অন্যান্য বাজারও। গতকাল চিনির বাজার ছিল স্থির, আছে পর্যাপ্ত সরবরাহ। তবে কিছু কিছু দোকানে গতকালও চিনির দেখা মেলেনি। কারণ টানা বর্ষণে মৌলভীবাজার থেকে চিনির বস্তা আনতে পারছেন না খুচরা বিক্রেতারা। তাই রাজধানীর কিছু স্থানে চিনি বিক্রি হচ্ছে কম। খোলা সয়াবিন তেল তো আগে থেকেই দুষ্প্রাপ্য। ছোলা বিক্রি হচ্ছে চড়া দামে।বর্ষণের প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। রাজধানীর বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত মৌলভীবাজার, রহমতগঞ্জ, বাবুবাজার, বাদামতলী, শ্যামবাজার অনেকটাই ক্রেতাশূন্য।বাইরে বৃষ্টি, ভেতরে আগুন: বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সব ধরনের সবজির দাম। কয়েকটি সবজির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।৫ আগস্ট রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে আলু সর্বোচ্চ ১৫, টমেটো ৬০, বেগুন মানভেদে ৪০ থেকে ৫০, শসা ৪০ থেকে ৪৫, কাঁকরোল ৩৫ থেকে ৪০, করলা ৫০, পটোল ৩৫, বরবটি ৩৫, ঢ্যাঁড়স ৩৫ থেকে ৪০, কচুমুখী ২৫, চিচিঙ্গা ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া কাঁচা মরিচ ১০০ টাকা, লেবুর হালি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করেছেন বিক্রেতারা।গতকাল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, হাতিরপুল ও কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শসা ৫০ থেকে ৫৫, বেগুন মানভেদে ৪৫ থেকে ৫০, করলা ৪৫, ঢ্যাঁড়স ৪০, পটোল ও বরবটি ৫৫, কচুমুখী ৪৫, টমেটো ৭০ থেকে ৮০, চিচিঙ্গা ৩৫ থেকে ৩৮, কাঁকরোল ৪০ থেকে ৪৫, ছোট বাঁধাকপি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে।আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬ টাকায়। ভারতীয় পেঁয়াজের দাম খুব একটা না বাড়লেও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। পাঁচ টাকা বেড়ে দেশি পেঁয়াজ এখন ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা ১০০ গ্রাম বিক্রি হচ্ছে ২৫ টাকায়। আর কাঁচা মরিচের কেজি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।বিক্রেতারা বলছেন, রমজানে সবজির চাহিদা বেশি থাকে। কিন্তু সেই পরিমাণ সবজি তাঁরা আড়ত থেকে পাচ্ছেন না। তাই বেশি দামে তাঁদেরই সবজি কিনতে হচ্ছে। আর পুষিয়ে নিতে বিক্রিও করছেন চড়া দামে।কারওয়ান বাজারের আড়তদারেরা বলেন, বিরূপ আবহাওয়ার কারণে পর্যাপ্ত পণ্য নিয়ে ট্রাক ঢাকায় আসতে পারেনি। এ কারণে সরবরাহে ঘাটতি দেখা গেছে। এর রেশ বর্ষণ কমার পরও দু-এক দিন থাকতে পারে বলে তাঁদের আশঙ্কা।কাঁচাবাজারের আরেক নাম দুর্ভোগ: জমে থাকা পানি ও কাদার জন্য গতকাল দুপুর পর্যন্ত কাঁচাবাজারে ক্রেতার সংখ্যা ছিল হাতেগোনা। বিকেলের দিকে ক্রেতাদের আনাগোনা কিছুটা বাড়ে। সবচেয়ে খারাপ কারওয়ান বাজারের অবস্থা। পানি-কাদায় বাজারের ভেতরেই ঢুকতে ইচ্ছে করে না। একই অবস্থা মোহাম্মদপুর কৃষি মার্কেটেও। তবে হাতিরপুল, নিউমার্কেট ও পলাশী বাজার সে তুলনায় কিছুটা নিরাপদ। তবে এসব বাজারে ছাউনি থাকায় পানি জমে না থাকলেও কাদার হাত থেকে রেহাই ছিল না।পলাশী বাজারে এসে চাকরিজীবী আজমল হোসেন আক্ষেপ করে বললেন, ‘কাদার জ্বালায় তো বাজারই করতে পারলাম না।’বৃষ্টি কিছুটা কমে আসায় বিকেলে কাঁচাবাজারের চিত্র বদলাতে শুরু করে। বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কারওয়ান বাজারে ক্রেতার ঢল দেখা গেছে। সারা দিন বের হতে না পেরে ইফতারের আগমুহূর্তে প্রয়োজনীয় পণ্য কিনে বাসায় ফিরেছেন তাঁরা।মাছ ও মাংস: রাজধানীর বাজারগুলোতে এক দিকে গতকাল মাছের পরিমাণ ছিল কম, বিক্রেতারা দামও নিয়েছেন অনেক বেশি। বিভিন্ন বাজারে গতকাল রুই ২৫০ থেকে ২৭০, মাঝারি আকারের জোড়া ইলিশ ১২০০ থেকে ১৪০০, পাঙাশ ১০০ থেকে ১২০, তেলাপিয়া ১০০ থেকে ১৩০, নলা ১৫০ থেকে ১৭০, ছোট পুঁটি ১৫০, সরপুঁটি ১৮০ থেকে ২২০, মাগুর ৫৫০ থেকে ৬০০, কই ২৫০ থেকে ৩০০, শিং ৬০০ থেকে সাড়ে ৬০০, আইড় ৫০০ থেকে ৫৫০, ছোট চিংড়ি সাড়ে ৩০০, কাঁচকি ৩০০, টাকি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে।ডিসিসির নির্ধারিত দামে গরুর মাংস পাওয়া গেলেও খাসির মাংস বিক্রি হচ্ছে বেশি দামে। গরুর মাংস ২৭০ এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৪০ টাকায়। আর গরুর মাংস আসলেই গরুর কি না, সন্দেহ থাকলেও অনেক ক্রেতাই তা কিনছেন।ব্রয়লার মুরগির দর ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। দেশি মুরগি প্রতিটি বিক্রি হয় ২৫০ থেকে ২৮০ টাকায়। এগুলোর ওজন সাত-আট শ গ্রামের বেশি হবে না। বাজারে প্রতি হালি ডিমের দাম ছিল ২৪ থেকে ২৬ টাকা।চিনি, তেল ও ছোলা: চিনির সংকট অনেকটাই কেটে গেছে। তবে গতকাল আজিমপুর, পলাশীর বাজার, বকশীবাজারসহ কিছু স্থানের দোকানে চিনি বিক্রির পরিমাণ ছিল কম। কয়েকটি দোকান ছাড়া ৬৫ টাকার বেশি দরে চিনি বিক্রি করতে দেখা যায়নি।দোকানিরা বলেছেন, টানা বৃষ্টির কারণে দু-তিন দিন ধরে মৌলভীবাজারে গিয়ে চিনি সংগ্রহ করতে পারছেন না তাঁরা। এ কারণে আগের চিনি শেষ হয়ে গেলেও নতুন করে আনতে পারছেন না।রাজধানীর দোকানে এখনো খোলা সয়াবিন তেলের দেখা মেলা ভার। কিছু দোকানে পাওয়া গেলেও বিক্রি হচ্ছে ১০৯ থেকে ১১২ টাকায়। বেশির ভাগ ক্রেতাই বোতলজাত সয়াবিন তেল কিনছেন।তবে পাইকারি বাজারে কমলেও খুচরা বিক্রেতারা অস্ট্রেলিয়ার ছোলা ৭০ থেকে ৭৫, মিয়ানমারের ছোলা ৯০ থেকে ৯৫, ইথিওপিয়ার ছোলা ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন।পাইকারি বাজার ক্রেতাশূন্য: মৌলভীবাজারে প্রতিদিন চিনি নেওয়ার জন্য রাজধানীর বিভিন্ন স্থানের খুচরা ব্যবসায়ীদের যে লাইন থাকে, টানা বর্ষণের কারণে দু-তিন দিন ধরে সেটা অনেক কমে গেছে। একই অবস্থা ছোলার বাজার রহমতগঞ্জেও। রহমতগঞ্জের মীম এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, অন্যান্য বছর ১৫ রোজা পর্যন্ত ছোলার বেচাকেনা থাকে। কিন্তু তিন দিন ধরে বেচাকেনা নেই। তাই কম দামেই বিক্রি করতে হচ্ছে।অন্য পাইকারি বাজার বাবুবাজার, বাদামতলী, শ্যামবাজারেও পণ্য বেচাকেনা কম বলে সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন।