টানা হরতালে দুর্ভোগ
টানা হরতালের কারণে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো দুর্ভোগে পড়েছিল দেশের সর্বস্তরের মানুষ। অনেকের কাছেই আরেকটি দিন হরতাল বাড়ার বিষয়টি ছিল অপ্রত্যাশিত। সে কারণে এই পরিস্থিতি সামলানোর প্রস্তুতি সবার ছিল না।বরাবরের মতোই গতকালের হরতালে বেশি দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ ও খেটে খাওয়া লোকজন। যেসব পরিবারে এইচএসসি পরীক্ষার্থী আছে, তাদের উৎকণ্ঠাও কাটেনি।রাজধানীর মানুষ গতকালও ভুগেছে যানবাহনের সংকটে। অফিসগামী মানুষের পাশাপাশি নাজেহাল হয়েছেন বাইরে থেকে কাজের খোঁজে আসা শ্রমজীবীরা। কষ্ট পেয়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও।গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে একদল দিনমজুরের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। মো. রশদুন নামের একজন শ্রমিক প্রথম আলোকে বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা একেকজন ৫০০ টাকা নিয়ে বেরিয়েছি। নাইটকোচে ঢাকায় আসতে ৩৯০ টাকা লাগার কথা। কিন্তু ভাড়া নিয়েছে সাড়ে ৪০০।’ রশদুন আরও বলেন, নগরে ঠিকমতো বাস চলছে না বলে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। টাকা কম পড়েছে বলে কিছু খেতেও পারছেন না।আগের দুই দিনের তুলনায় গতকাল রাজধানীর রাস্তাঘাটে যানবাহন কিছুটা বেশি চললেও আতঙ্কে অনেকেই বাস বা অটোরিকশায় না চড়ে রিকশায় কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেছেন। দ্বিগুণ-তিন গুণ ভাড়া গুনতে হয়েছে তাঁদের।মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে পল্টন মোড় পর্যন্ত বাসভাড়া ২৫ টাকা হলেও হরতালের দিনগুলোতে রিকশায় ৬০-৭০ টাকা পর্যন্ত খরচ হয়েছে। পুরানা পল্টন লাইনের একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা সায়মা বেগম বলেন, মোহাম্মদপুর থেকে রিকশায় ভেঙে ভেঙে আসতে হরতালের দ্বিতীয় দিনে তাঁর ভাড়া লেগেছিল ৬০ টাকা। গতকাল লেগেছে ৭৫ টাকা।যানবাহনের অপ্রতুলতার জন্য হাসপাতালের বহির্বিভাগে রোগীদের উপস্থিতি ছিল কম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে গড়ে প্রতিদিন তিন হাজার রোগী আসে। উপপরিচালক মুশফিকুর রহমান জানান, গতকাল এসেছে মাত্র ৯০০।কেরানীগঞ্জ থেকে মহাখালীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে কেমোথেরাপি নিতে এসেছিলেন মনিরুল ইসলাম। তিনি জানান, তাঁকে হাসনাবাদ থেকে মহাখালী পর্যন্ত পৌঁছতে তিনবার গাড়ি বদল করতে হয়েছে। কেমোথেরাপি নেওয়ার তারিখ এক দিন আগেই পার হয়ে গেছে। হরতাল ছিল বলে বের হননি। আর কত দিন হরতাল চলবে, তা বুঝতে পারছেন না বলে এর মধ্যেই হাসপাতালে এসেছেন।এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকেরা চলমান রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগে আছেন। পরীক্ষার্থী আবিদুর রহমানের বাবা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা চান না, সন্তান এ রকম অনিশ্চয়তার মধ্যে থাকুক। ‘ধার কইরে দিন চলিছে’‘তিন দিন কাজ পাইনি। ধার কইরে দিন চলিছে।’ দিনমজুর মো. জাহিদুল ইসলামের (২৮) এ বাক্য দুটোই হয়তো তাঁর মতো দিন এনে দিন খাওয়া মানুষের অবস্থা ফুটিয়ে তুলতে যথেষ্ট। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় চট্টগ্রামের চকবাজার কাঁচাবাজার মোড়ের ‘শ্রমিকের হাটে’ কথা হয় জাহিদুলের সঙ্গে। সড়কের পাশে ফুটপাতের ওপর তাঁর মতো শ তিনেক দিনমজুর অপেক্ষায় ছিলেন। তখন পর্যন্ত কেউ তাঁদের ডাকেনি। শ্রমিকের হাটে হাজির হতেই প্রায় ৩০ জন শ্রমিক ঘিরে ধরেন এই প্রতিবেদককে। তাঁরা মনে করেছিলেন, এই প্রতিবেদক শ্রমিক ভাড়া করতে এসেছেন। কাজ মিলবে না বুঝতে পেরে অনেকেই সরে যান। কয়েকজন বলতে থাকেন কষ্টের কথা।জাহিদুল জানান, নওগাঁয় তিনি কৃষিশ্রমিক হিসেবে কাজ করেন। শহরে এসে দিনমজুরি করে কিছু বাড়তি আয় হবে, এমন আশায় চট্টগ্রাম শহরে আসেন মাস খানেক আগে। হরতালের কারণে তিন দিন কাজ না পেয়ে তিনি বিপদে পড়েছেন।নওগাঁর মান্দা এলাকা থেকে আসা আয়নাল হোসেন (৩৫) জানান, তাঁরা মূলত শহরের নানা জায়গায় নির্মাণাধীন ভবনে অথবা মাটি কাটার কাজ করেন। এমনিতে প্রতিদিন দুই থেকে আড়াই শ লোকের কাজ জুটে যায়।শ্রমিক আবদুল কুদ্দুস বলেন, ‘আইজ আগ্রাবাদে কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু গাড়ি না চলায় যাতি পারলাম না। এক দিনে মজুরি পাই ৩৫০-৪০০ টাকা। তিন দিনের হরতালে দুই দিনই কাজ করতে পারলাম না। এখন কীভাবে চলে আপনারাই বলেন!’একই দুর্ভোগের কথা জানালেন এমদাদুল হক, মামুন হোসেন, সিরাজুল ইসলাম ও মো. হোসেন। তাঁরা জানান, এখানকার শ্রমিকদের অধিকাংশই উত্তরবঙ্গের মান্দা, রানীনগর, চরঘাট, গোদাগাড়ী, বগুড়া ও গাইবান্ধার বাসিন্দা। চট্টগ্রাম শহরের রাহাত্তারপুল, বগার বিল ও বাকলিয়ার বিভিন্ন এলাকার ছোট ছোট কলোনিতে দল বেঁধে থাকেন। বছরের এই মৌসুমে কৃষিজমিতে কাজ না থাকায় তাঁরা চলে আসেন চট্টগ্রামে।মামুন হোসেন (২০) ও সিরাজুল ইসলাম (২৫) ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। লিখলে কি হরতাল বন্ধ হবে, নাকি কাজ পাব?’ নওগাঁ জেলার নাকালুপাড়ার বাসিন্দা এমদাদুল হক বলেন, ‘পরিবারে পাঁচজন মানুষ। আমি ছাড়া কেউ আয় করে না। আর কয়েক দিন হরতাল দিলে এবার খালি হাতেই বাড়ি ফিরতে হবে।’