টানা ১৪ ঘণ্টা কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে আজ সন্ধ্যায় দেখানো হবে বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটক বিশ্বাস। এখানে অভিনয় করেছেন শামা সারোয়াত রহমান। কথা হলো তাঁর সঙ্গে।‘বিশ্বাস’ নাটকের সঙ্গে যুক্ত হলেন কীভাবে?নাটকটির ‘জারা’ চরিত্রের জন্য বিবিসি থেকে শিল্পী খোঁজা হচ্ছিল। ফেসবুকেও একটি পেজ খুলেছিল। বাংলা ও ইংরেজিতে সমান দক্ষতার সঙ্গে কথা বলতে পারে, পাশাপাশি অভিনয়টাও খুব ভালো করবে—এমন কাউকে ওরা চেয়েছিল। বাংলাদেশের পাশাপাশি লন্ডনেও শিল্পী নির্বাচনের কাজটা করেছে। আমি তো লন্ডনেই থাকি। ওখানে ইমপেরিয়াল কলেজে ‘নিওরোসায়েন্স অব মিউজিক্যাল ক্রিয়েটিভিটি’ নিয়ে পিএইচডি করছি। আমার এক বন্ধুর মাধ্যমে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ হয়। পরীক্ষা হলো। এভাবেই সুযোগ পেয়ে গেলাম।আপনার পিএইচডির কী খবর?বিশ্বাস নাটকে অভিনয়ের জন্য পিএইচডি গবেষণা এক বছর স্থগিত করেছি। কাজটা শুরু হয়েছে এ বছর জানুয়ারিতে। কিন্তু আমাকে ওরা গত বছরের নভেম্বরেই ঢাকায় নিয়ে আসে। প্রায় বছরখানেক যাবৎ কাজটা করছি। এখনো টুকটাক কাজ হচ্ছে। তবে এরই মাঝে লন্ডনেও গিয়েছিলাম।নাটকে আগে কখনো কাজ করেছেন?বাংলাদেশের নাটকে এবারই প্রথম। ইংল্যান্ডে আমি ফিজিক্যাল থিয়েটারের ওপর অনেক দিন কাজ করছি। ব্রাজিলের একটি থিয়েটার কোম্পানির সঙ্গেও ছিলাম। এ ছাড়া বিভিন্ন কর্মশালায় অংশ নিয়েছি। নিজে নাটক লিখি, নির্দেশনা দিই। আমার নিজেরও একটি থিয়েটার কোম্পানি আছে, নাম ‘দ্য গুং হো ডাউন’। এই কোম্পানি থেকে নাটক তৈরির কাজ করছি।থিয়েটারের পাশাপাশি আর কী করেন?গান করি। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাই। যেমন-পিয়ানো, সেতার, পারকাশন। একসময় শিখেছিলাম। কিন্তু পরে থিয়েটার করতে এসে এগুলো দারুণ কাজে লাগছে। এ ছাড়া আমি তথ্যচিত্র তৈরি করি। বাংলাদেশে এবার ফেব্রুয়ারি পর্যন্ত থাকব। এই সময়ের মধ্যে দুয়েকটি তথ্যচিত্র তৈরির পরিকল্পনা আছে। আর এখানকার টিভি নাটকে নিয়মিত কাজ করব।‘বিশ্বাস’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।যখন কাজ হয়, তখন সপ্তাহে ছয় দিন এই দলের সঙ্গে থাকতে হয়। আর দিনে টানা ১৪ ঘণ্টা কাজ হয়। সত্যি বলতে, পুরো দলের মধ্যে চমৎকার একটা শৃঙ্খলা ছিল। বাইরে আমরা যেভাবে কাজ করি, কিংবা দেখি—ঠিক সে রকমই। ‘জারা’ চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলার কাজটা ছিল বিশাল চ্যালেঞ্জ। আর পুরো কাজটার মধ্যে একটা পারিবারিক আবহ ছিল।