টানা ১৪ দিন যুদ্ধ হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধে যে অগণন সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন, তাঁদেরই একজন শেখ রুহুল কুদ্দুস। এই প্রতিবেদনে আছে তাঁর অভিজ্ঞতা ও এখনকার অনুভূতি।’৭১-এর মার্চের শেষ দিকে বা এপ্রিলের প্রথম দিকে ডা. আশিকুর রহমান, আফজাল হোসেন, আবদুস সামাদের নেতৃত্বে খুলনার ইসলামাবাদ কমিউনিটি সেন্টারের মাঠে বাঁশের লাঠি আর কাঠের বন্দুক নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করি। পরে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে যেতে মনস্থির করি। এ জন্য বটিয়াঘাটা দিয়ে একপর্যায়ে চুকনগরে পৌঁছাই। সেখানে অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতগামী ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) সদস্যদের সঙ্গে মিশে যাই। এপ্রিলের শেষ দিকে উকশো বর্ডার দিয়ে ভারতে হিঙ্গেলগঞ্জ মুক্তিবাহিনীর ক্যাম্পে যাই। ওখান থেকে নাম লিখিয়ে আমাদের বিহারের চাকুলিয়ায় এক মাস প্রশিক্ষণের জন্য পাঠায়। ফিরে আসি সম্ভবত জুন মাসে। কুলিয়ার যুদ্ধ আমার জীবনের স্মরণীয় ঘটনা। সেখানে হানাদার বাহিনীর সঙ্গে টানা ১৪ দিন যুদ্ধ হয়। খালের একপারে আমরা, ওপারে পাকিস্তানি আর্মি। ক্যাপ্টেন নুরুল হুদা, ক্যাপ্টেন শাহজাহান, ক্যাপ্টেন সেলিমের নেতৃত্বে আমরা তিন দিক থেকে হানাদার বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লে শত্রুরা পিছু হটে। এখানেও একটি ব্রিজ উড়িয়ে পাকিস্তানি সেনাদের আসতে বাধা দেওয়া হয়। এই যুদ্ধে শহীদ হন ইউনুস নামে এক মুক্তিযোদ্ধা। তাই এখানকার নাম রাখা হয় ইউনুসনগর। পরে সাতক্ষীরা হয়ে সলুয়া ও মেজর জলিলের নির্দেশে শিরোমণি যুদ্ধের জন্য যাই।