টানা ১৮ ঘণ্টার সংঘর্ষে প্রকম্পিত কাবুল
আফগানিস্তানের রাজধানী কাবুলে কঠোর নিরাপত্তাবেষ্টিত কূটনৈতিকপাড়া, পার্লামেন্ট ভবন এলাকাসহ কয়েকটি স্থানে গতকাল রোববার থেকে শুরু হওয়া তালেবান জঙ্গিদের হামলা শেষ হয়েছে। আজ সোমবার দেশটির সরকার ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে। কাবুল পুলিশ জানিয়েছে, টানা ১৮ ঘণ্টা হামলা সংঘটিত হওয়ার পর আফগান পার্লামেন্ট এলাকায় তালেবান জঙ্গিদের হামলা বন্ধ হয়েছে। এ হামলার ঘটনায় পুলিশের গুলিতে এক জঙ্গি নিহত হয়েছে বলেও জানান তিনি। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গতকালের হামলায় এ পর্যন্ত ১৯ জঙ্গি নিহত এবং ১৪ পুলিশ সদস্য ও নয়জন বেসামরিক নাগরিক আহত হয়।এদিকে, গতকাল রাতভর আফগানিস্তানের কেন্দ্রীয় কূটনীতিকপাড়ায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলমান সংঘর্ষের পর আজ ভোরেও উচ্চশব্দে বিস্ফোরণ আর তীব্র গোলাগুলির শব্দে রাজধানী কাবুল কেঁপে ওঠে। উল্লেখ্য, গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিকপাড়া, পার্লামেন্ট ভবন এলাকাসহ কয়েকটি স্থানে সমন্বিত হামলা চালিয়েছে তালেবান গোষ্ঠী। হামলা চালানো হয় জার্মান দূতাবাসেও। পুলিশ একজন হামলাকারীকে গুলি করে হত্যা করে। সুরক্ষিত ওই এলাকায় জাতিসংঘের কার্যালয়, মার্কিন সামরিক ঘাঁটি ও প্রেসিডেন্ট প্রাসাদও রয়েছে। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।বিশ্লেষকেরা বলছেন, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। কিন্তু এই হামলার পর বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগান বাহিনী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।