টানাপোড়েনের অবসান টানতেই বোমা!
রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনের সামনে আজ মঙ্গলবার বোমা বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন। তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই নারীর ব্যাগে বোমা রাখার অভিযোগে মোহাম্মদ জুবায়ের ও নুরুল ইসলাম নামের দুজনকে আটক করেছে পুলিশ।তেজগাঁও থানার পুলিশ জানায়, ওই নারী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহকারী প্রোগ্রামার। আটক জুবায়ের ওই প্রতিষ্ঠানের প্রোগ্রামার হিসেবে কর্মরত। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইমাম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, জুবায়েরের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। আজ বেলা ১১টার দিকে জুবায়ের ইসলামী ফাউন্ডেশনের সামনে মেয়েটিকে একটি ব্যাগ দিয়ে অফিসে তাঁর টেবিলের ওপর রাখতে বলেন। মেয়েটি ওই ব্যাগ নিয়ে বিসিসি কার্যালয়ে যাওয়ার পথে পিকেএসএফ ভবনের সামনে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে ওই নারীর কোমরের বাম পাশে আঘাত লেগেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বোমাটি মুঠোফোনের মাধ্যমে নিয়ন্ত্রিত এবং মুঠোফোনের ব্যবহার করেই এটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের পুলিশকে বলেছে, তাঁর কিছু পরিচিত বন্ধু-বান্ধব বোমাটি বানিয়ে দিয়েছে।