আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এখন অনেকটাই নিষ্ক্রিয়। মন্ত্রিসভায় শরিকদের মধ্য থেকে তিনজনকে মন্ত্রী করার পরও মহাজোটে টানাপোড়েন কমেনি, বরং বেড়েছে। অনেক দিন ধরেই নেই কোনো যৌথ রাজনৈতিক কর্মসূচিও। আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কিন্তু ২০০৮ সালের নির্বাচনের আগে ১৪ দল বা মহাজোট যতটা সক্রিয় ছিল, এখন ঠিক ততটাই নিষ্ক্রিয়। মহাজোটের মূল অংশ ১৪ দলের সর্বশেষ বৈঠক হয়েছিল গত ২৭ মে। ওই বৈঠকে ১৪ দলকে সক্রিয় করার লক্ষ্যে প্রতি মাসের শেষ মঙ্গলবার বৈঠক করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এরপর চার মাস পেরিয়ে গেলেও আর বৈঠক হয়নি। সর্বশেষ বৈঠকে ১৪ দলের শরিকদের কেউ কেউ নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঠিক করার প্রস্তাব দিয়েছিলেন। তা নিয়ে জোটে আর আলোচনা হয়নি। সর্বশেষ রাশেদ খান মেননের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যানের মধ্য দিয়ে জোটের শরিকদের মধ্যে বিদ্যমান দূরত্ব আরও কিছুটা বেড়েছে বলে মনে করা হয়।জানতে চাইলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ১৪ দলকে কার্যকর করার জন্য তাঁরা বহুবার চেষ্টা করেছেন। কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে সাড়া মেলেনি। জেলা-উপজেলা পর্যায়েও ১৪ দলকে কার্যকর করার কথা ছিল, সেটাও হয়নি। তিনি বলেন, যেসব আদর্শ বাস্তবায়নের জন্য জোট হয়েছিল, এর মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি বাস্তবায়নের পর্যায়ে। এখনো সময় আছে, বিএনপি-জামায়াতের মৌলবাদী উত্থান ঠেকাতে হলে ১৪ দলকে কার্যকর করার বিকল্প নেই।দলীয় একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্ব মনে করছে ১৪ দলের শরিক বাম ঘরানার দলগুলোর আওয়ামী লীগের বাইরে যাওয়ার সুযোগ নেই। নির্বাচনের ডামাডোল শুরু হলে ১৪ দলকে আবারও সক্রিয় করা যাবে বলে মনে করছে আওয়ামী লীগ নেতৃত্ব।জাতীয় সংসদের আসনভিত্তিক বিবেচনায় মহজোটে আওয়ামী লীগের পরে বড় শরিক দল জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রায় এক বছর ধরে একা নির্বাচন করার ঘোষণা দিয়ে আসছেন। ইতিমধ্যে প্রায় ২০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকারও নিয়েছেন।সরকার গঠনের পর জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। জাতীয় পার্টির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার গঠনের পর আওয়ামী লীগের সঙ্গে একাধিকবার বৈঠক বা আলোচনার চেষ্টা করা হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক আলোচনায় বসলে চাওয়া-পাওয়ার বিষয়টি উঠতে পারে সে আশঙ্কায় আওয়ামী লীগ আগ্রহ দেখায়নি। তবে দুই দলের যোগাযোগের মাধ্যম হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এরশাদ। অবশ্য আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা দাবি করেন, এরশাদ আওয়ামী লীগের সঙ্গেই আছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ আছে। এরশাদ বাইরে যেসব বক্তৃতা করছেন, তা লোক দেখানো।জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, সরকার গঠনের পর রাজনৈতিকভাবে একসঙ্গে বসা হয়নি। এর পরও মহাজোটের অংশ হিসেবে প্রায় চার বছর শান্তিপূর্ণভাবে কাটিয়ে দিয়েছে তাঁর দল। ভবিষ্যতে কী হবে, সেটা সময় বলে দেবে। তবে জাতীয় পার্টি এককভাবেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।এর বাইরে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ও ইসলামী ফ্রন্টের মতো দলগুলো জোটের সংখ্যা বৃদ্ধি ছাড়া আর কিছুই নয়।বাম শরিকদের মধ্যেও সমস্যা: ১৪ দলের মধ্যে বামপন্থী ১১ দলকে সমন্বয় করে ওয়ার্কার্স পার্টি। বর্তমান সরকারের শুরুতেই ১১ দলের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াকে মন্ত্রি করা হয়। কিন্তু মন্ত্রী হওয়ার আগে এ নিয়ে ১১ দলে আলোচনা করেননি দিলীপ বড়ুয়া। রাশেদ খান মেনন সম্প্রতি মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নিজ দলের সিদ্ধান্তে। এই নিয়েও জোটে আলোচনা হয়নি। ১১ দলের বাইরে আছে জাসদ ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। হাসানুল হক ইনুর মন্ত্রিত্ব পাওয়ার আগ পর্যন্ত জাসদের নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভ-হতাশা ছিল। সম্প্রতি ইনু মন্ত্রী হন। কিন্তু এ নিয়েও জোটে কোনো আলোচনা হয়নি। সব মিলিয়ে ১৪ দলের বাম শরিকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৪ দলীয় জোট ছিল, আছে এবং থাকবে। নানা কারণে জোটের বৈঠক নিয়মিত হয়নি। সিদ্ধান্ত হয়েছে, ১৪ দলকে কার্যকর করার লক্ষ্যে শিগগিরই বৈঠক হবে।’ এরশাদের একক নির্বাচন করার ঘোষণা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দলকে চাঙা রাখার জন্য দলের প্রধান অনেক কিছুই বলতে পারেন।’