টানাপোড়েন পারেনি আটকাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে ওদের দুরন্ত ইচ্ছা—পড়াশোনা চালিয়ে যাবে আর পরীক্ষায় ভালো ফল করবে। অসচ্ছলতা আর পারিবারিক টানাপোড়েন ওদের টেনে ধরেছিল। ওরাও অদম্য, পিছপা হবে না। লক্ষ্য স্থির করে এক মনে পড়াশোনা করে গেছে ওরা। সাহস ও চেষ্টার ফল এখন ওদের হাতে। এসএসসিতে জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছে ওরা। ভয়হীন নাজমিন: গরিব বাবার অসুস্থতা, হুট করে বিয়ে, শ্বশুরবাড়িতে অশান্তি, তিন সপ্তাহ পার হওয়ার আগেই ফিরে আসা—একের পর এক এসব ঝড়ঝাপটা সামলাতে হয়েছে নাজমিন বেগমকে। এর পরও সে পড়াশোনায় ছিল অটল। এর সুফলও পেয়েছে সে। সিলেট নগরের আম্বরখানা বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল নাজমিন। আম্বরখানা-বড়বাজার এলাকায় থাকে ওরা। নাজমিনেরা পাঁচ ভাইবোন।নাজমিনের বাবা রফিকউদ্দিন রাজমিস্ত্রি ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে ওই পেশা ছেড়ে একটি মুদি দোকান খোলেন। রফিকউদ্দিন বলেন, গত বছরের মার্চে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাড়াহুড়ো করে মেয়ের বিয়ে দেন। নাজমিন তখন দশম শ্রেণীতে পড়ে, কিন্তু শ্বশুরবাড়িতে শান্তি হয়নি। মাত্র ১৮ দিনের মাথায় ফিরে আসতে বাধ্য হয় সে। আবার শুরু করে পড়াশোনা। মা জহুরা বেগম বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে চলে আসার সময় নাজমিন বলেছিল, সে পড়াশোনা করবে। এতে ওরা বিদ্রূপ করেছিল। মেয়ে এখন সেই বিদ্রূপের জবাব দিয়েছে।’ তিনি বলেন, অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়ে ভুল করেছেন। এখন মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়াই তাঁদের মূল লক্ষ্য।নাজমিন বলে, ‘বাবার বাড়ি এসে টানাপোড়েনের মধ্যেও মন দিয়ে পড়াশোনা করেছি। যে ফল চেয়েছিলাম, তা-ই পেয়েছি। ভবিষ্যতে চিকিৎসক হতে চাই।’আম্বরখানা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুহাদ্দিস আহমদ বলেন, ‘মেয়েটি যে এমন বিরূপ পরিবেশে থেকে পরীক্ষা দিয়েছে, তা জানা ছিল না। পরে জেনে অবাক হয়েছি।’নিজেকেও রাঙাল সাজেদুর: বাবা রংমিস্ত্রি। বাবাকে সহযোগিতা করলে বাড়তি কটি টাকা আসবে। কিছুটা হলেও কমবে সংসারের বোঝা। তাই বাবার সঙ্গে সাজেদুর রহমানও কাজে যেত। এভাবে রঙের কাজ করতে করতে নিজেকেও রাঙিয়েছে সাজেদুর। তার রং ছিল বই, আর তুলি ছিল ভালো ফল করার অবিরাম চেষ্টা। রাজশাহীর বাগমারা পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। বাগমারা উপজেলা সদরে ওদের বাড়ি।বাবা ওসমান আলী বলেন, হাতে সমস্যা হওয়ায় তিনি ভালোভাবে কাজ করতে পারেন না। ছেলে সাজেদুর তাঁকে সহযোগিতা করে। মা মাজেদা বিবি বলেন, ‘অভাবের জন্য তিনবেলা খাবার দিতে পারিনি। কত্তোদিন যে না খাইয়্যা ইস্কুলে গেছে, তা আল্লাহই জানে।’সাজেদুর জানায়, দিনে রঙের কাজ, রাতে পড়াশোনা—এই ছিল তার রুটিন। কাজের জন্য বিদ্যালয়ে নিয়মিত যেতে পারেনি সে। বেশি করে পড়ে এই ঘাটতি পুষিয়ে নিয়েছে। তার ইচ্ছা চিকিৎসক হওয়া।বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, ‘সাজেদুর যেমন ভালো ছাত্র, তেমনি ভালো রংও করতে পারে। তার পরীক্ষার ফলে আমরা গর্বিত।’সব পেয়েছে সোনিয়া: পেট ভরে খাওয়ার মতো খাবার নেই, ভালো করে বসার চেয়ার নেই, চোখ ভরে দেখার বিদ্যুতের আলো নেই। এমন ‘নেই’ পুরো সংসারজুড়ে। কিন্তু পরীক্ষার ফলে সোনিয়া আক্তার যা পেয়েছে, এর কাছে সব ‘নেই’ ম্লান। একটি প্রাপ্তিই তাকে এনে দিয়েছে সব পাওয়ার আনন্দ। ঢাকার নবাবগঞ্জ উপজেলার পিকেবি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। নবাবগঞ্জের বর্ধনপাড়া গ্রামে ওদের বাড়ি।সোনিয়ার সাফল্যে বাবা রিকশাভ্যানের চালক আবদুল মান্নান খুব খুশি। তবে আর্থিক কারণে ভবিষ্যতে ওকে আর পড়াতে পারবেন কি না, এ নিয়ে তিনি উদ্বিগ্ন। সোনিয়া চিকিৎসক হতে চায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সাহা বলেন, সোনিয়া মেধাবী। তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে সহযোগিতা দরকার।স্রোতের বিপরীতে আমেনা: শুকনো মৌসুমে ভূমিহীন বাবা দিনমজুরি করেন, বর্ষায় ধরেন মাছ। এতে সংসার চলতে চায় না। কাজেই বাবা-মা চাননি আমেনা আক্তার পড়াশোনা করুক। কিন্তু স্রোতের বিপরীতে শক্ত করে হাল ধরেছিল আমেনা। পণ করেছিল পড়াশোনা করবেই, আর তা ভালোভাবেই। ওর শ্রম এখন সার্থক। কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। পাঁচ ভাইয়ের একমাত্র বোন সে।বাবা এতিম আলী বলেন, ‘বয়স হয়েছে, আগের মতো কাজ করতে পারি না। বড় দুই ছেলের আলাদা সংসার। অন্য তিন ছেলের আয়ও তেমন না। তাই মেয়েকে পড়াশোনা করাতে চাইনি। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের ইচ্ছার কাছে হার মানতে হলো।’মা ছায়েরা খাতুন বলেন, ‘ইসকুলে মাইয়্যাডা ভালা পাস কইরছে। অ্যাঁই বহুত খুশি অইছি। আমেনা আরো পইড়তো চায়। কিন্তু অভাবের সংসার, তারে ক্যামনে পড়াইমু?’আমেনার ইচ্ছা শিক্ষক হওয়া। শিক্ষার আলো ছড়িয়ে সমাজে আলোকিত মানুষ তৈরির কাজ করতে চায় সে।গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, ১৯৮৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর কোনো শিক্ষার্থী এসএসসিতে প্রথম বিভাগ পায়নি। ২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এ বছরই প্রথম আমেনা আক্তার জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।[এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন সিলেটের নিজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা), নবাবগঞ্জ (ঢাকা) ও বাগমারা (রাজশাহী) প্রতিনিধি]