টামটার ঐতিহ্যবাহী বাঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটাসহ বিভিন্ন গ্রামে এখন বাঙ্গির সুমিষ্ট ঘ্রাণ। মাঠের পর মাঠজুড়ে চাষ করা হয়েছে বাঙ্গির। ভোর না হতেই বহু নারী-পুরুষ, শিশু-কিশোরকে বাঙ্গি তুলতে দেখা যায়। সাধারণত মার্চ-এপ্রিল মাসে এ দৃশ্যের দেখা মেলে।দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশের গ্রামটির নামই টামটা। গ্রামের ৮৫ শতাংশ মানুষ কৃষিজীবী। এ গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বংশপরম্পরায় ২০০ বছরেরও বেশি সময় ধরে এখানে বাঙ্গির চাষ হচ্ছে। টামটা গ্রামে একজন কৃষকও পাওয়া যাবে না, যিনি বাঙ্গি চাষ করেন না। তাঁদের দ্বিতীয় অর্থকরী ফসল বাঙ্গি।বাঙ্গির অন্য নাম খরমুজ, কাঁকুড়, ফুটি বা বাঙি। দেশের প্রায় সব এলাকাতেই গ্রীষ্মকালে বাঙ্গি জন্মে। তরমুজের পর এটিই অধিক প্রচলিত শসাগোত্রীয় ফল। মৃত্যুঞ্জয় রায় তাঁর বাংলার বিচিত্র ফল বইয়ে উল্লেখ করেছেন, ধারণা করা হয়, বাঙ্গির জন্ম ইরান বা আফগানিস্তানে। আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও এ ফলের চাষ করা হয়।বাঙ্গিগাছ দেখতে অনেকটা শসাগাছের মতো, লতানো। কাঁচা ফলের রং সবুজাভ। কাঁচা বাঙ্গি সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। ফল পাকলে হলুদাভ হয়। পাকা ফলের সুমিষ্ট সৌরভ আছে। এটি স্বতন্ত্র স্বাদের। ফলের ওজন এক থেকে চার কেজি পর্যন্ত হতে পারে।দেশে প্রধানত দুই জাতের বাঙ্গি দেখা যায়—বেলে ও এঁটেল বাঙ্গি। বেলে বাঙ্গির শাঁস নরম। খোসা খুব পাতলা, শাঁস খেতে বালি বালি লাগে, তেমন মিষ্টি নয়। অন্যদিকে, এঁটেল বাঙ্গির শাঁস কচকচে, একটু শক্ত এবং তুলনামূলকভাবে বেশি মিষ্টি।বাঙ্গি লম্বাটে হলেও টামটা গ্রামের এ জাত গোলাকার; দেখতে অনেকটা মিষ্টি কুমড়ার মতো। এ প্রজাতির বীজ চীন থেকে এসেছে বলে স্থানীয় কৃষক ও কৃষি কার্যালয় সূত্র জানিয়েছে। এ কারণে এটির নাম চীনা বাঙ্গি। ইলিয়টগঞ্জ বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই বসে বাঙ্গির পাইকারি বাজার। ভোর ছয়টায় শুরু হয়ে বাজার শেষ হয় সকাল নয়টায়। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আসা পাইকারি ক্রেতারা এ ফল কিনে ট্রাকে বোঝাই করে নিয়ে যান। এ বাজারে ১০০ বাঙ্গি বিক্রি হয় ৫০০ থেকে আড়াই হাজার টাকায়। উপজেলার বিভিন্ন বাজারে আকারভেদে প্রতিটি বাঙ্গি খুচরা বিক্রি হয় ২০ থেকে ৫০ টাকায়।কৃষকেরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাঙ্গির ফলন ভালো হয়েছে। বিক্রিও ভালো। টামটার আবদুস ছালাম সরকার জানান, ১৬ হাজার টাকা বিনিয়োগ করে তিনি ৭৭ শতাংশ জমিতে বাঙ্গি চাষ করেছেন। এ পর্যন্ত বিক্রি করেছেন ৪৮ হাজার টাকার ফল। ভীকতলা গ্রামের আলী আকবর জানান, এ বছর তিনি নিজের সাড়ে ৩৭ শতাংশ জমিতে বাঙ্গি চাষ করেছেন। খরচ হয়েছে আট হাজার টাকা। ইতিমধ্যে বিক্রি করেছেন ২৭ হাজার টাকা।দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বেলে দো-আঁশ মাটিতে বাঙ্গি ভালো জন্মে। জেলার দাউদকান্দি ছাড়াও চান্দিনা, তিতাস ও মেঘনা উপজেলায় এর চাষ হয়। কিন্তু দাউদকান্দির টামটা গ্রামজুড়েই বাঙ্গির চাষ হয়। আর কোনো গ্রামে বংশপরম্পরায় এ ফলের চাষ হয় বলে তাঁর জানা নেই।বাঙলার ফল বইয়ে আমিরুল আলম খান উল্লেখ করেছেন, বাঙ্গিতে আমিষ, ফ্যাটি অ্যাসিড ও খনিজ লবণ আছে। প্রতি ১০০ গ্রাম বাঙ্গি থেকে পাওয়া যায় ২৫ ক্যালরি পুষ্টিগুণ। প্রস্রাবের স্বল্পতায়, অগ্নিমান্দ্যজনিত মূত্রাল্পতায়, অরুচি ও বমনে এবং উদাবর্ত রোগে বাঙ্গির ভেষজ ব্যবহার করা হয়।