সড়ক-মহাসড়কে শেষ মুহূর্তের ঈদযাত্রা মোটামুটি নির্বিঘ্নই। বেশির ভাগ ট্রেনই ছেড়েছে সময় মেনে। তবে ঘরমুখী মানুষকে ভোগান্তি দিয়েছে টার্মিনাল ও স্টেশনে যাওয়ার পথের তীব্র যানজট।গতকাল বুধবার রাজধানীর প্রতিটি বিপণিবিতানকেন্দ্রিক যানজটে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটে পড়ে নির্ধারিত বাস-ট্রেন ধরতে ব্যর্থ হওয়া মানুষের দেখাও মিলেছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-আরিচা, ঢাকা-মাওয়া, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং বিভিন্ন সড়কে ঘরমুখী মানুষের যাত্রা অনেকটাই নির্ঝঞ্ঝাট ছিল। গাবতলী টার্মিনালের সামনে সড়কে অবৈধভাবে রাখা ট্রাকগুলো সরিয়ে দিয়েছে পুলিশ। গাবতলী থেকে সাভার পর্যন্ত মহাসড়ক নির্বিঘ্ন রাখতে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।পরিবহন কোম্পানির মালিকেরা বলছেন, মহাসড়কে কোনো যানবাহন বিকল হলে বা দুর্ঘটনায় পড়লে এই নির্বিঘ্ন অবস্থা নাও থাকতে পারে।রাজধানীর যানজটে দুর্ভোগ: নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের ২০ মিনিট পর বিকেল চারটা ৪০ মিনিটে কমলাপুর স্টেশন ছাড়ে। ট্রেনটি ছাড়ার এক মিনিট পর ছোট দুই ছেলে, স্ত্রী ও এক আত্মীয়কে নিয়ে হাঁপাতে হাঁপাতে প্ল্যাটফর্মে আসেন মাহমুদ হাসান। ট্রেনটির চলে যাওয়া দেখতে দেখতে তিনি মুঠোফোনে কাউকে বলছিলেন, ‘বাবুদের নিয়ে বেশি জোরে দৌড়াতে পারিনি। তা পারলে হয়তো ট্রেনটি পাইতাম।’পরে মাহমুদ হাসান জানান, পল্লবীর বাসা থেকে বের হন বেলা দুইটায়। অনেক চেষ্টার পর সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে ফার্মগেট ও কারওয়ান বাজারের যানজট ঠেলে আসতে আসতেই দুই ঘণ্টার বেশি লেগেছে।ফরিদপুরগামী কমফোর্ট পরিবহনের বেলা ১১টার বাসের অগ্রিম টিকিট কিনেছিলেন শাহজাহান মিয়া। কিন্তু তিনি গাবতলী পৌঁছান বাসটি ছেড়ে যাওয়ার দেড় ঘণ্টা পর। গাবতলীতে স্থাপিত বিআরটিএর নিয়ন্ত্রণকক্ষে গিয়েও কোনো সমাধান পাননি তিনি।শাহজাহান বলেন, মালিবাগের বাসা থেকে সকাল নয়টায় বের হয়ে অটোরিকশা না পেয়ে রিকশায় ওঠেন। বাংলামোটর আসতেই বেজে যায় সাড়ে ১০টা। এরপর কারওয়ান বাজার, শ্যামলী ও কল্যাণপুরের যানজট ঠেলে গাবতলী পৌঁছেন সাড়ে ১২টায়।এ ছাড়া দুপুর থেকে টানা বৃষ্টিও ঘরমুখী মানুষকে ভোগান্তিতে ফেলে। ঈদে বাড়তি টাকা কামানোর জন্য অনেক নগর পরিবহনের বাসও দূরপাল্লার পথে গেছে। কল্যাণপুর বাসস্ট্যান্ডের সামনে রাজধানীতে চলাচলকারী বিআরটিসির একটি দ্বিতল বাসে ‘ঢাকা-রংপুর’ লিখে দূরপাল্লার পথের জন্য প্রস্তুত করতে দেখা গেছে।ফার্মগেটে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, আজ (গতকাল) যানজট যা হচ্ছে, এর বেশির ভাগই রিকশা-কার আর কেনাকাটা করতে আসা মানুষের আধিক্যের কারণে। এ জন্য বিপণির আশপাশেই যানজট।সায়েদাবাদ বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছতেও মানুষকে যানজটের জন্য চরম দুর্ভোগে পড়তে হয়।বেশি দামে টিকিট পাওয়া যাচ্ছে: ২, ৩ ও ৪ আগস্ট গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টারে গিয়ে জানতে চাইলে বারবারই বলা হয়েছে, ৭ আগস্টের সব গন্তব্যের টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্তু গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে দেখা গেছে, লোকজন বেশি দামে টিকিট কাটছেন। বিমানবাহিনীর কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তিনি সাতক্ষীরায় যাবেন বিকেল তিনটার বাসে। দুপুর একটার দিকে এসে টিকিট পেয়েছেন। দাম নিয়েছে ৬৫০ টাকা। অন্য সময় ভাড়া নেওয়া হতো ৫০০ টাকা।এখন কীভাবে টিকিট আসছে জানতে চাইলে হানিফ পরিবহনের কর্মকর্তা সুবল সাহা বলেন, ‘এগুলো বাড়তি গাড়ি। পরে যোগ করা হয়েছে বহরে।’গাবতলী বাস টার্মিনাল, মাজার রোড, কল্যাণপুর ও শ্যামলীতে থাকা বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টারগুলোতেও বেশি দামে টিকিট বিক্রি করতে দেখা গেছে।সৌদিয়া পরিবহনে গাবতলী থেকে ফরিদপুরের বোয়ালমারী পর্যন্ত ৩০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। জিল্লুর রহমান নামের এক যাত্রী বলেন, তিনি বেলা একটার দিকে টিকিট কেটেছেন। অন্য সময় তিনি এই পথে ২২০-২৩০ টাকায় যেতেন।কল্যাণপুরে এস আর পরিবহনের কাউন্টার থেকে শুকুর আলী গতকালের যাত্রার টিকিট কিনেছেন। তিনি জানান, তিনি আসন পেয়েছেন শেষের দিকে। বগুড়ার ভাড়া নেওয়া হয়েছে ৪০০ টাকা। অন্য সময় ভাড়া ৩৫০ টাকা।শ্যামলী পরিবহনের কল্যাণপুর কাউন্টারে কথা হয় ঢাকা কলেজের শিক্ষক মহিবুর রহমানের সঙ্গে। তিনি জানান, বগুড়ায় যেতে কাউন্টারের পাশের এক হোটেলকর্মীকে টিকিট কেনার দায়িত্ব দিয়েছিলেন। তিনটি টিকিটের দাম নিয়েছে এক হাজার ৭০০ টাকা। অথচ টিকিটের গায়ে লেখা প্রতিটির মূল্য ৩৮০ টাকা।ট্রেনে প্রচুর ভিড়, সময়মতো চলছে: মিনার হোসেন যাবেন নেত্রকোনার বারহাট্টা। হাওর এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় নির্ধারিত রাত ১১টা ৫০ মিনিট। কিন্তু তিনি স্টেশনে এসে বসে আছেন বিকেল সাড়ে চারটা থেকে। এত আগে আসার কারণ সম্পর্কে তিনি বলেন, অগ্রিম টিকিট কাটতে পারেননি। পরে এলে ট্রেনে দাঁড়িয়ে যাওয়ারও জায়গা পাওয়া যাবে না, সেই চিন্তায় আগে এসেছেন।বিকেল সাড়ে চারটার দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে আসার পরই লোকজন হুড়মুড় করে চড়তে থাকে। ট্রেনটি সাড়ে পাঁচটায় ছাড়ার কথা থাকলেও একেবারে কানায় কানায় ভরে যায় পৌনে পাঁচটার দিকেই। উপকূল ট্রেনটিও প্রতিটি বগিতে ঠাসা যাত্রী নিয়ে কমলাপুর ছাড়ে। জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনেও তিলধারণের ঠাঁই ছিল না।রেলওয়ে সূত্র জানায়, গতকাল দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন তিন ঘণ্টা দেরিতে যায়। ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ১০টায়। ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকায় পৌঁছে পাঁচ ঘণ্টা দেরিতে। অন্য ট্রেনগুলো মোটামুটি সময় মেনে চলেছে। কিছু কিছু ট্রেন ২০ মিনিট থেকে আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে।