টালমাটাল ছিল আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা উদ্যোগ সত্ত্বেও গত বছর দেশটিতে শান্তির কোনো লক্ষণ দেখা যায়নি। সে দেশে প্রভাব রাখার মতো পক্ষ ও ব্যক্তিদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিল বছরজুড়ে। সন্ত্রাসী হামলা ও সহিংসতার ঘটনায় পরিস্থিতি ছিল টালমাটাল। বিবিসি অনলাইনে প্রকাশিত এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর। সেই লক্ষ্যে দেশটির নিজস্ব বাহিনীর কাছে ধীরে ধীরে আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করছে আন্তর্জাতিক বাহিনী। তবে যেখানে আন্তর্জাতিক বাহিনীই তালেবান যোদ্ধাদের সঙ্গে পেরে উঠছে না, সেখানে আফগান বাহিনী কতটুকু সফল হবে—তা নিয়ে প্রশ্ন রয়েছে।এসব বিবেচনায় নিয়ে আফগান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তালেবানকে আলোচনার টেবিলে আনার জন্য গত বছর আফগানিস্তান ও দেশটির বাইরে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়।তবে আফগান সরকারের মন্ত্রিসভার অনেক সদস্য ও তালেবানের মধ্যে অনেকে এই উদ্যোগের বিরোধী। তালেবানের একটি গোষ্ঠী আলোচনায় আগ্রহী হলেও উগ্রবাদী অংশটি গত বছর সশস্ত্র লড়াই চালিয়ে গেছে। এই লড়াইয়ে আন্তর্জাতিক বাহিনীর ৩৯৪ জন সদস্য নিহত হয়। এ ছাড়া বেসামরিক নাগরিকদের প্রাণহানিও অব্যাহত ছিল দেশটিতে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান জোরপূর্বক আফগানিস্তানের ক্ষমতা দখল করার বিষয়ে এখনো আশাবাদী। তাই তারা একের পর এক সহিংসতা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে তারা পাকিস্তানের সহায়তা পাচ্ছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ সব সময়ই অস্বীকার করা হয়েছে।আফগানিস্তানে শান্তি আসবে—এমন আশা নিয়ে গত বছর শুরু হয়েছিল। তবে সারা বছরের সহিংসতা পর্যালোচনা করলে দেখা যায়, শান্তির এ আশা স্বপ্নই রয়ে গেছে। তবে বছরের শেষ দিকে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার জন্য একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে।পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই গত বছরের ডিসেম্বরে ১৯ জন তালেবানকে মুক্তি দিয়েছে। অন্যদেরও ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। আইএসআই মনে করছে, পাকিস্তানে আটক তালেবানদের ছেড়ে দিলে তারা কাবুলের সঙ্গে শান্তি আলোচনায় উত্সাহিত হবে। আইএসআইয়ের এই উদ্যোগ চলতি বছর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় কতটা অবদান রাখতে পারবে, সময়ই তা বলে দেবে।