টাস্কফোর্সের কাজ শুরু সাতদিনের মধ্যেই নতুন চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরি চলাচল ও নৌপথ সংরক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত দুটি টাস্কফোর্সের সদস্যরা গতকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করেছেন। নাব্যতাসংকট নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। এদিকে আগামী সাত দিনের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিপথে স্থায়ীভাবে ফেরি চলাচলের জন্য একটি চ্যানেল তৈরি করা হবে বলে জানিয়েছেন টাস্কফোর্সের সদস্যরা। এদিকে খননকাজ নিয়ে গতকালও হতাশা ব্যক্ত করেছেন ফেরির চালকেরা।পাটুরিয়া-দৌলতদিয়া: সরেজমিন পরিদর্শন শেষে দৌলতদিয়ার এক নম্বর ফেরিঘাটের কাছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই পথের জন্য গঠিত টাস্কফোর্স দলের আহ্বায়ক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য (প্রকৌশল) ফিরোজ আহম্মেদ। তিনি বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে স্থায়ীভাবে ফেরি চলাচলের জন্য একটি চ্যানেল তৈরি করা হবে। এ লক্ষ্যে গত রোববার রাত থেকে দুটি খননযন্ত্রের মাধ্যমে খননকাজ চলছে। বর্তমান প্রেক্ষাপটে আজকে (গতকাল) ফেরিতে যানবাহনের সংখ্যা বাড়ানো হয়েছে। এভাবে চললে তেমন সমস্যা হবে না।’ এ জন্য সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় টাস্কফোর্সের আরও ছয় সদস্যসহ বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, তিন নম্বর ফেরিঘাটের সামনে দুটি খননযন্ত্র বসানো রয়েছে। এর মধ্যে একটি খনন মেশিন দিয়ে কাদামাটি অপসারণ করে তা খননযন্ত্র থেকে ৫০-৬০ ফুট দূরে ফেলা হচ্ছে। এ ব্যাপারে টাস্কফোর্সের প্রধান ফিরোজ আহম্মেদ বলেন, ‘এতে তেমন সমস্যা হবে না। কারণ স্থায়ীভাবে চ্যানেল তৈরির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ ছাড়া বর্তমান চ্যানেলে এখনো যে গভীরতার পানি আছে, এভাবে আরও কয়েক দিন চালানো যাবে।’এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া পথে চলাচল করা ১০টি ফেরির মধ্যে বড় ফেরি শাহ পরানকে মেরামতের জন্য গতকাল সকাল আটটার দিকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে রাখা হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০-এর মতো বাস ও ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে আছে। এ ছাড়া একটি বড় ফেরি বিকল হওয়ায় গাড়ির চাপ বাড়তে পারে। মাওয়া-কাওরাকান্দি: এই পথের জন্য গঠিত টাস্কফোর্সের আহ্বায়ক বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) জ্ঞানরঞ্জন শীল গতকাল দুপুরে দুটি ঘাট পরিদর্শন করে দ্রুত সঠিকভাবে নৌপথ খননে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। অবহেলার কারণে কোনো যাত্রী যাতে দুর্ভোগে না পড়ে, সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। খননকাজের ব্যাপারে জ্ঞানরঞ্জন শীল প্রথম আলোকে আরও বলেন, চ্যানেলগুলো সরু হওয়ায় একসঙ্গে একাধিক খননযন্ত্র দিয়ে কাজ করা যাচ্ছে না। কারণ, সরু চ্যানেলে একাধিক খননযন্ত্র দিয়ে কাজ করলে ফেরি চলাচল ব্যাহত হবে।ফেরি চলাচল বন্ধের হুমকি: বিআইডব্লিউটিসির ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোহসীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নদীতে নাব্যতাসংকট ও ডুবোচর থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ যেভাবে খননকাজ করছে, তা ঠিকভাবে হচ্ছে না। কিন্তু তারা উল্টো ফেরিচালক ও ফেরি কর্তৃপক্ষকে দায়ী করছে। এভাবে চলতে থাকলে এক মাসের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।এ ব্যাপারে জ্ঞানরঞ্জন শীল বলেন, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি—দুটি সংস্থার উদ্দেশ্যই এক। এখানে কেউ কাউকে দোষারোপ করে ঠিকভাবে সমস্যা সমাধান করা যাবে না।লঞ্চ থেকে পড়ে কিশোরী নিখোঁজ: গতকাল দুপুরে খুলনা থেকে ঢাকাগামী ফাগ্লুনী পরিবহনের যাত্রীরা কাওরাকান্দি ঘাট থেকে মাওয়াগামী একটি লঞ্চে ওঠেন। লঞ্চটি নাওডোবা মোড়ে পৌঁছালে ডুবোচরের সঙ্গে মৃদু ধাক্কা খেলে যাত্রী ইমু আক্তার (১৫) পদ্মা নদীতে পড়ে যায়। গতকাল রাত পর্যন্ত ইমুর সন্ধান মেলেনি। ইমু খুলনার নিরালা আবাসিক এলাকার মোহাব্বত মুন্সির মেয়ে। সে আশিকুর রহমান নামের একজনের সঙ্গে ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতে যাচ্ছিল। আশিকুর রহমান বলেন, ‘ইমু বাথরুমে যাওয়ার সময় লঞ্চটি চরে ধাক্কা খায়। সম্ভবত, এতে ভারসাম্য রাখতে না পেরে ইমু পদ্মায় পড়ে যায়। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষের কেউই ইমুর সন্ধানে এগিয়ে আসেনি। আমরা নিজেরাই সন্ধান চালাচ্ছি।’ এ ব্যাপারে কাওরাকান্দি লঞ্চমালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনা ঘটার পর আমরা মেয়েটিকে সন্ধানের জন্য ট্রলার দিতে চেয়েছি। কিন্তু কেউ যোগাযোগ করেনি।’