টি-টোয়েন্টি ছাপিয়ে সিরিজ জয়ের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যারেন স্যামি চেষ্টার ত্রুটি করলেন না। প্রথমে চেয়ার এগিয়ে দিলেন, সেটার ওপর দাঁড়িয়ে যদি তাঁর সমান হতে পারেন মুশফিকুর রহিম! এরপর পা দুটো একটু ভেঙে নিজেই মুশফিকের সমান হওয়ার চেষ্টা করলেন। সেটাও বোধ হয় মনঃপুত হলো না। টেবিলের ওপর রাখা টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের দুটো ট্রফিই তাই বাহুডোরে বেঁধে নিয়ে গেলেন নিজের দিকে। সমান যখন হওয়াই যাচ্ছে না, ট্রফি দুটো আমিই নিই...।এ পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে তিনটিতে, আর ওয়েস্ট ইন্ডিজ ৩২ ম্যাচে পেয়েছে ১৩ জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের আগে কাল তবু দুষ্টুমি করে হলেও প্রতিপক্ষের সমান হতে চাইলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার মুশফিকের সমান হওয়ার চেষ্টায় ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা স্যামির কৌতুক হাসির রোল তুলল টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। একদিক দিয়ে ভালোই হলো, বিনোদনের ক্রিকেটের আগের দিনটায়ও পাওয়া গেল বিনোদিত হওয়ার সুযোগ।বাংলাদেশের ব্যাটসম্যানরা মারতে পছন্দ করেন। টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পর তাই মনে হলো, এত দিনে বাংলাদেশ একটা খেলার মতো খেলা পেল। কিন্তু ব্যাপারটা মোটেও সে রকম হলো না। পাঁচ বছরে এটা অনেকটাই প্রমাণিত, বাংলাদেশ আসলে টি-টোয়েন্টির দল নয়। ১৬ ম্যাচে জয় তো মাত্র তিনটি! দেশের মাটিতে পাঁচ বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেড় বছর পর আরেকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আগে তাই বাংলাদেশ দলের কোচ-অধিনায়ক-ক্রিকেটারেরা কোরাসে বলছেন, টি-টোয়েন্টি খেলা বাড়াতে হবে। প্রতি সিরিজে অন্তত একটি ম্যাচ চাই। ২০ ওভারের ম্যাচ বেশি করে খেলতে হবে ঘরোয়া ক্রিকেটেও।প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হলে অবশ্য ২০ ওভারের ম্যাচের আগেও বাংলাদেশের খেলোয়াড়দের কলার সামান্য উঁচু হতে পারে। দুই দলের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে এখন পর্যন্ত দুটি, হারজিত সমান সমান। ম্যাচের তাৎপর্য হিসাব করলে বরং বাংলাদেশই এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজের জয়টা ২০০৯ সালে দেশের মাটিতে হওয়া সিরিজে এলেও বাংলাদেশের জয় দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ অন্য দুটি জয় পেয়েছে প্রথম দুই ম্যাচেই। ২০০৬ এর নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০০৭ এর সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে।ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর গত ১২টি টি-টোয়েন্টি ম্যাচে একটিও জয় নেই বাংলাদেশের। টি-টোয়েন্টিতে টানা হারের রেকর্ডটা আজ এখানেই থেমে যাবে, নাকি আরও এক ধাপ এগোবে, কে জানে। তবে ক্রিকেটে প্রতিটি ম্যাচই নতুন। রেকর্ড-টেকর্ড দিয়ে ম্যাচ প্রিভিউ লেখা গেলেও ম্যাচ খেলা যায় না। অভিজ্ঞতায়-উচ্চতায় এগিয়ে থেকেও ম্যাচের আগের দিন যে কারণে মুশফিকের সমান হওয়ার চেষ্টা স্যামির।ক্যারিবীয় অধিনায়ক এই চেষ্টাটা করলেন কথাবার্তায়ও। সাকিব আল হাসানের আইপিএল-চ্যাম্পিয়নস লিগ অভিজ্ঞতা এবং তামিম ইকবালের কাউন্টি অভিজ্ঞতাকে যোগ করে দিলেন বাংলাদেশের শক্তিমত্তায়। তা ছাড়া বাংলাদেশ ম্যাচটা খেলছে ঘরের মাঠে! ‘দেশের মাটিতে বাংলাদেশ অবশ্যই সমীহ করার মতো দল। আমরা কখনোই ওদের খাটো করে দেখি না’—সংবাদ সম্মেলনে স্যামির কথা। বাংলাদেশের কন্ডিশনে সাকিব-রাজ্জাকদের স্পিনকে সব দলই ভয় পায়। ব্যতিক্রম ওয়েস্ট ইন্ডিজও নয়। তবে ঢাকায় এসে দু-দুটি প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা আর শারজার অনুশীলন ক্যাম্প মিলিয়ে বাংলাদেশি স্পিনারদের সামনে যথেষ্টই আত্মবিশ্বাসী মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে।অন্যদিকে ক্যারিবীয় পেস বাংলাদেশ শিবিরে বড় একটা দুশ্চিন্তার কারণ। নতুন অধিনায়ক মুশফিকুর রহিম সেটা মাথায় রেখেও বেশির ভাগ দায়িত্ব তুলে দিলেন ব্যাটসম্যানদের ওপর, ‘সিরিজে ভালো কিছু করতে হলে সেটার ৬০ ভাগই ব্যাটসম্যানদের করতে হবে। ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে এবং সবাইকেই সেটা বলা হয়েছে।’ এই সবার মধ্যে মুশফিক আজ তাঁর ডেপুটি মাহমুদউল্লাহকে সঙ্গে পান কি না, কাল রাত পর্যন্ত সেটাই বড় প্রশ্ন হয়েছিল বাংলাদেশ শিবিরে। জ্বরে ভুগছিলেন সহ-অধিনায়ক। ম্যাচটা আজ বিকেল পাঁচটায় শুরু হবে বলে অবশ্য সুস্থ হওয়ার সময় পাচ্ছেন। সুস্থ না হলে নেতৃত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই সহ-অধিনায়ককে ছাড়া মাঠে নামবেন মুশফিক।দায়িত্ব তাই মুশফিকেরও কম নয়। ব্যাটসম্যান-উইকেটকিপার-অধিনায়ক—তাঁর কাছে চাওয়া তো সব ভাবেই! তার ওপর পেছনে পড়ে আছে জিম্বাবুয়ে সফরের তিক্ত স্মৃতি। আজ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সেই ঘা শুকানোরও উপলক্ষ এবং কোচ স্টুয়ার্ট ল তাতে যথেষ্ট আস্থা রাখছেন নতুন অধিনায়কের ওপর, ‘ও জানে দলকে তার সেরাটাই দিতে হবে। খুব পরিশ্রমী ছেলে। শুধু সাফল্যের আশায় বসে থাকলে হয় না, সেটার জন্য চাই পরিশ্রম। মুশি (মুশফিক) সে রকমই একজন, যে কিনা তরুণ খেলোয়াড়দের জন্য উদাহরণ হতে পারে।’কোচের আস্থার প্রতিদান নিশ্চয়ই দেবেন অধিনায়ক। সেই সঙ্গে মুশফিকের আস্থার প্রতিদানও যদি পাওয়া যায় দলের কাছ থেকে, অধিনায়কত্বের শুরুটা হতে পারে সাফল্যের আলো জ্বালিয়ে। কাল মুশফিক অবশ্য ঘোষণার মতো করেই বললেন, ‘সিরিজে প্রতিটি ম্যাচই আমরা জেতার জন্য খেলব।’