টি-টোয়েন্টি দিয়ে আজ শুরু বাংলাদেশের ‘জয়ের মিশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই জয়ের কথা তুললেই জেমি সিডন্স তাচ্ছিল্যের হাসি হাসেন, ‘ওই একটা জয় ভেজে বাংলাদেশ আর কত দিন খাবে?’খেতে তো হচ্ছে! টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ জয় যে ওটাই। সবচেয়ে বড় জয়ও। একমাত্র বড় জয়ও বলতে পারেন। বাংলাদেশ জিতেছেই বা কটি ম্যাচ? ওয়েস্ট ইন্ডিজ বাদ দিলে বাকি ১২ ম্যাচের মাত্র দুটি। একেবারে শুরুর দুই ম্যাচে। প্রতিপক্ষ? জিম্বাবুয়ে ও কেনিয়া!২০০৭ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই জয়ের পর টানা নয় ম্যাচে হার। যার মধ্যে দগদগে ক্ষতও হয়ে আছে কয়েকটি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়িয়ে দিল আয়ারল্যান্ড। যে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের মাঠে নামা মানেই ছিল জয়, সেখানেও সফরের শেষ দিনে টি-টোয়েন্টিতে নতমস্তক। না, টি-টোয়েন্টিতে বাংলাদেশ টেস্ট-ওয়ানডের চেয়েও খারাপ!তাত্ত্বিকভাবে এমন হওয়ার কথা নয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের না চালিয়ে খেলার এমন দুর্নাম! তার ওপর আছে ওই তত্ত্ব—ম্যাচের দৈর্ঘ্য যত কম, বড় আর ছোট দলের ব্যবধানও কমে আসে ততটাই! তার পরও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর কেন ১৬৬? ১৩ ম্যাচে দেড় শ ছাড়ানো স্কোরই বা কেন আর মাত্র তিনটি?টি-টোয়েন্টি দিয়েই নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগের দিন প্রশ্নটা শুনে অধিনায়ক সাকিব আল হাসান দুটি উত্তর খুঁজে পেলেন। এক. টি-টোয়েন্টিটা আমরা কম খেলি। দুই. দলে বিগ হিটার নেই। টি-টোয়েন্টিতে চারে হবে না, ছয় মারতে হবে। আমাদের দলে বলে-কয়ে ছয় মারার প্লেয়ার কই? বলে-কয়ে ছয় মারার দৃষ্টান্ত একেবারে চোখের সামনেই। গত রোববার, বাংলাদেশ দল নিউজিল্যান্ডে পা রাখার পর দিনই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ৮টি ছয় মেরেছেন রস টেলর। ৮০ রান করতে লেগেছে মাত্র ৩০ বল। সংবাদ সম্মেলনে জেমি সিডন্স রসিকতা করলেন, ‘টেলরের কথা ভেবেই তো আমরা আজ বাউন্ডারি লাইনে এত হাই ক্যাচিং প্র্যাকটিস করলাম!’হয়তো টি-টোয়েন্টিতে জঘন্য রেকর্ড মাথায় ছিল। সিরিজে বাংলাদেশের প্রত্যাশার কথা বলতে গিয়ে সফরের প্রথম ম্যাচটির কথা তাই বেমালুম ভুলে গেলেন সিডন্স! যা বললেন, সেটি অবশ্য অনেকের কাছেই উচ্চাশা বলে বিবেচিত হবে—ওয়ানডে সিরিজ জিততে চাই। জিততে চাই টেস্ট ম্যাচটাও।সাকিব আল হাসানও দাবি করছেন, এই সিরিজে ভালো খেলা-টেলার বৃত্ত থেকে বেরিয়ে শুধুই জয়ের স্বপ্নে আচ্ছন্ন তাঁর দলের সব খেলোয়াড়। ভারতের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হওয়ার পরপরই ড্রেসিংরুমে নিউজিল্যান্ড সফর নিয়ে আলোচনায় এ ব্যাপারে একরকম শপথই নিয়েছেন সবাই। সাকিবের উপলব্ধি, ত্রিদেশীয় সিরিজ আর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলোয়াড়দের মধ্যে ‘জিততেই হবে’ বলে জেদটা সেভাবে ছিল না। সরল স্বীকারোক্তিও থাকল, ‘আমি নিজেও এর বাইরে ছিলাম না।’সিডন্সও এবার ‘পাখির চোখ’ করতে চাইছেন জয়কে। দু বছর আগে এই নিউজিল্যান্ডেই বাংলাদেশের কোচ হিসেবে যাত্রা শুরু। সেই স্মৃতি মনে করে তিনি হাসেন, ‘প্লেয়ারদের তখন বলতে গেলে চিনতামই না!’ দু বছরে চিনেছেন এবং নিউজিল্যান্ডের সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানাচ্ছেন, শৃঙ্খলা-স্কিল-প্রতিভা সব বিচারেই দু বছর আগে-পরের বাংলাদেশ দলের মধ্যে অনেক পার্থক্য। স্থানীয় পত্রিকার সঙ্গে সাক্ষাত্কারে বিস্তারিত হয়েছেন আরও, ‘দু বছর আগে আমাদের দলে এমন কেউ ছিল না, যে মাঠে নামলেই সফল হবে বলে আশা করা যায়। এখন তিন-চারজন আছে, যারা প্রতি ম্যাচেই ভালো করবে বলে আশা করা যায়।’ নাম করেছেন সাকিব, তামিম, মুশফিকুর ও আশরাফুলের। কোচ হিসেবে মূল্যায়নে একটা ব্যাপারে সবার কাছ থেকেই সিডন্স ফুল মার্কস পান। নিবেদনের জায়গাটায়। তাঁর শয়নে-স্বপনে শুধু বাংলাদেশকে আরও ভালো দলে পরিণত করার স্বপ্ন। এই সফরে অবশ্য মনের পেশাদার অংশটাই এখানে, বাকিটুকু পড়ে আছে অস্ট্রেলিয়ায়। তাঁর সঙ্গিনী ও সন্তানের মায়ের মস্তিষ্কে জটিল এক রোগ ধরা পড়েছে। অস্ট্রেলিয়া হয়েই এখানে এসেছেন। আগামীকাল কিছু পরীক্ষানিরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে, অবস্থা কতটা গুরুতর। ‘অবস্থা গুরুতর’ শব্দ যুগল নিউজিল্যান্ডের ক্রিকেট সম্পর্কেও গত কিছুদিন খুব ব্যবহূত হচ্ছে। খেলোয়াড় বিদ্রোহে অ্যান্ডি মোলস চাকরি হারানোর পর চার মাস কোচবিহীনই ছিল নিউজিল্যান্ড দল। ১৯৯২ বিশ্বকাপের ‘হিরো’ মার্ক গ্রেটব্যাচ মাত্রই দায়িত্ব নিয়েছেন। ভেট্টোরি আর তাঁর দায়িত্বের ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে চলছে তুমুল জল্পনাকল্পনা। বাংলাদেশ দল এটিকে বড় একটা সুবিধা বলে মনে করছে কি না, সাকিব-সিডন্সের সংবাদ সম্মেলনে এই প্রশ্নও হলো। সিডন্স এক কথায় উত্তর দিয়ে দিলেন, ‘আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবি না।’প্রতিপক্ষ নিয়ে না ভাবার ঘোষণাটা ড্যানিয়েল ভেট্টোরি আরও জোরেশোরে দিতে পারতেন। নিজেদের দেশে বাংলাদেশের বিপক্ষে খেলা—এত ভাবার কী আছে? ভেট্টোরি প্রতিবাদ করলেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নিলে সেটি হবে আত্মঘাতী।’ কেন, এমন ভাবছেন কেন? ভেট্টোরি উত্তর দিলেন, ‘বাংলাদেশ এখন খুব ভালো দল। গত কিছু দিনে অনেক উন্নতি করেছে। বিশ্বের এক নম্বর দল ভারতের বিপক্ষেও ভালো খেলেছে।’ ‘বাংলাদেশ দলে ভালো কজন ব্যাটসম্যান আছে’ বলে নাম করলেন সাকিবের। বোলিংয়ের কথা বলতে গিয়ে শেষ মুহূর্তে ছিটকে পড়া মাশরাফি বিন মুর্তজার নাম বলার পর যোগ করলেন, ‘ও না থাকলেও ভালো দুজন ওপেনিং বোলার আছে। আছে ভালো স্পিনারও।’বছরখানেক আগে দু দলের সর্বশেষ সিরিজটার কারণেও বাংলাদেশকে ভেট্টোরির এত সমীহ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার, পরের দুটি ওয়ানডের মতো প্রথম টেস্টেও জেতার আগে পরাজয়ের চোখরাঙানি—ভেট্টোরির অতিমানবীয় পারফরম্যান্সই সে যাত্রা উদ্ধার করেছিল নিউজিল্যান্ডকে। সেই সিরিজের সঙ্গে এবারের পার্থক্যটা অবশ্য ঠিকই মনে করিয়ে দিলেন, ‘সেবার কন্ডিশন ছিল আমাদের জন্য খুব কঠিন। আর এখানে উপমহাদেশের কোনো দলের বিপক্ষে আমরা জিতব বলেই ধরে নেয় সবাই।’বড় পরিবর্তন বলতে একটাই—নিউজিল্যান্ডে এসে নিউজিল্যান্ডকে হারানো খুব কঠিন জেনেও বাংলাদেশ দল এই দলে নেই। টি-টোয়েন্টিতে আশা নেই মেনে নিয়েও আপনিও যেমন আজ আশার একটা জায়গা খুঁজে নিতে পারেন। ১৪ জনের দল থেকে বাইরে আছেন ইমরুল, রুবেল আর রাজ্জাক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই জয়ের দুই নায়ক আশরাফুল-আফতাব অনেক দিন পর আবার এক সঙ্গে।আবার কিছু হয়ে যাবে না কি!