টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে দৃষ্টি ইংল্যান্ডের
সুপার এইটের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে ইংল্যান্ডের। এখন দৃষ্টি জুড়ে কেবলই সেমিফাইনাল বলে জানিয়েছেন গতকাল বার্বাডোজে ইংল্যান্ডের জয়ের নায়ক কেভিন পিটারসেন। কাল শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলেই শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। বিবিসিকে পিটারসেন বলেন, ‘আর মাত্র একটি জয়। তার পরই সেমিফাইনালে চলে যাব আমরা।’পাকিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে ৭৩ রানের হার না মানা ইনিংস উপহার দিয়েছেন পিটারসেন। এখন পর্যন্ত বড় কোনো প্রতিযোগিতার শিরোপা জয় করতে পারেনি ইংল্যান্ড। তবে এবার এই অপবাদ ঘুচবে বলে প্রত্যাশা করছেন সাবেক অধিনায়ক পিটারসেন। আর এ ক্ষেত্রে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ চালকের ভূমিকায় থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন তিনি। আত্মবিশ্বাসী পিটারসেন বলছেন, ‘পাঁচ-ছয় বছর ধরে ইংল্যান্ডের হয়ে খেলছি আমি। এ মুহূর্তে আমাদের যে ব্যাটিং লাইনআপ আছে, এ রকম অবিশ্বাস্য শক্তিশালী ব্যাটিং লাইন আপ কখনো দেখিনি। ইংল্যান্ড ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে।’