টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। সেন্ট লুসিয়ায় দিনের প্রথম খেলায় ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।গতকাল দুই দলই নিজেদের প্রথম খেলায় জিতে শুভ সূচনা করেছে। এর পাশাপাশি ভারত, পাকিস্তান দুই দলেরই সুপার এইট ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। ভারত ৭ উইকেটে দুর্বল আফগানিস্তানকে হারালেও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়টা সহজ ছিল না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়ে সূচনাটা ভালোই হয়েছে পাকিস্তানের। ভারতের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। প্রতিবারের মতো এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার তারা। এমন একটি দলের মুখোমুখি হওয়ার আগে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সংবাদ সম্মেলনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতারই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের সুপার এইটে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমাদেরকে আরও ভালো করতে হবে।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেছেন, ‘আমি সুপার এইট নিয়ে ভাবছি না। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নামতে যাচ্ছি আমরা। এ ম্যাচের প্রতিই পূর্ণ দৃষ্টি আমাদের।’অতীতের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচগুলো কেন জানি লো-স্কোরিং হয়েছে। তার ওপর সেন্ট লুসিয়ার পিচগুলো যে ধীরগতির, এ কয়েক দিনে তা তো প্রমাণিতই। তাই হরভজন সিং, পিয়ুষ চাওলার মতো স্পিনার থাকায় স্বস্তি বোধ করতে পারেন ধোনি। কিন্তু এ ধরনের পিচে আজকের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচটির কথা মনে করলে একটু ধাক্কা খেতে হবে তাঁকে। স্লো পিচে প্রোটিয়াদের বিপক্ষে ১৩১ রান তাড়া করতে গিয়েই যে হারতে হয়েছিল ভারতকে!অন্যদিকে রেকর্ডের দিক থেকে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার অবস্থান দুই বিপরীত মেরুতে। পাকিস্তান গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন। অন্যদিকে গত আসরের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। অসিদের কাছ থেকে সবাই ভালো পারফরম্যানস প্রত্যাশা করলেও ক্যারিবিয়ানে টি-টোয়েন্টিতে তারা কতটা ভালো করতে পারবে প্রশ্ন তা নিয়ে থেকেই যায়। তার ওপর প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে লজ্জায় পড়েছে মাইকেল ক্লার্কের দল। প্রতিপক্ষ পাকিস্তানও জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে। তবে গতকাল বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাকিস্তান, এ কথা বলাই যায়।ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। পাকিস্তান-অস্ট্রেলিয়া রাত সাড়ে ১১টায়। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল স্টার ক্রিকেট, সুপার স্পোর্ট-২ ও বাংলাদেশ টেলিভিশন।